পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ইতালিতে অভিনেত্রী আজমেরি হক বাঁধনের বিরুদ্ধে দায়ের করা মামলা পরিচালনার ক্ষেত্রে মিলানের বাংলাদেশ কনস্যুলেট সর্বোচ্চ সহযোগিতা করেছে। তিনি নিশ্চিত করে বলেন, বাঁধন যতদিন ইতালিতে অবস্থান করবেন, সরকার তাকে সকল ধরনের সহায়তা প্রদান করবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের সাথে আলাপকালে এসব তথ্য জানান। তিনি উল্লেখ করেন, ইতালির ভেনিসে সংঘটিত ঘটনা অত্যন্ত জঘন্য। এই বিষয়ে তিনি বলেন, "আমি নির্দিষ্ট করে বলতে চাই যে আমাদের মিলানের কনস্যুলেট থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে বাঁধনের সাথে দেখা করেছেন এবং যে মামলাটি ওখানে হয়েছে, সেই মামলা পরিচালনা বা সহায়তার জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে আমাদের কনস্যুলেট ও রাষ্ট্রদূতসহ সবাই সব ধরনের সহযোগিতা করেছেন।"

প্রতিমন্ত্রী আরও জানান, আজমেরি হক বাঁধন যতদিন ওই দেশে থাকবেন, কনস্যুলেট তাদের সহযোগিতা চালিয়ে যাবে। এ সময় তিনি ইতালির ভিসা প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়তে পারে কিনা—এমন প্রশ্নের জবাবে বলেন, বিদেশে থাকা বাংলাদেশিদের ওই দেশের নিয়ম-কানুন ও নীতি-নীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে চলতে হয়। তিনি বলেন, "বাংলাদেশিরা যখন বিদেশে থাকেন, তখন তাদের ওই দেশের নিয়ম-কানুন, নীতি-রীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে চলাই স্বাভাবিক। আমাদের বাংলাদেশি শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীরা যখন আমেরিকায় যান, লন্ডনে যান, তখন তাদের সেই দেশের নিয়ম-কানুনই মেনে চলতে হয়, খুবই সাধারণ বিষয়।"

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শামা ওবায়েদ বলেন, "আমরা অবশ্যই এই ঘটনার তীব্র ধিক্কার জানাই। এই ব্যাপারগুলো যখন বিভিন্ন দেশে ঘটে, তখন কিন্তু আমাদের বাংলাদেশকে ছোট করা হয়। সবচেয়ে বড় কথা হলো, আমরা যেকোনো ধরনের সহিংসতার ও অরাজকতার বিরুদ্ধে।"

তিনি বিশ্বাস প্রকাশ করেন, পররাষ্ট্র মন্ত্রণালয় শুধুমাত্র এই ঘটনা নয়, বিশ্বের যেকোনো প্রান্তে এমনকি বাংলাদেশে যদি এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটে, প্রধানমন্ত্রী তা অত্যন্ত শক্তভাবে সামাল দেবেন বলে তিনি জানান।