শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও ডেঙ্গু সংক্রমণ ছড়িয়ে পড়ছে। খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে পাঁচজন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু শনাক্ত হওয়ার পর তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে রয়েছেন—ঘুগরাকাঠী এলাকার সোনালী আক্তার (২০), কালিকাপুর গ্রামের শাহিনা আক্তার (২২), খেওয়া গ্রামের ইকবাল হোসেন (৩৫), তালবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৫) এবং বমিয়ার রিয়াজ মোল্লা (২৩)।
ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা।
এ বিষয়ে কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজাউল করিম বলেন, "আক্রান্ত রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।"
তিনি আরও বলেন, "জ্বর, মাথাব্যথা ও শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার এবং বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়ার পরামর্শ দেন তিনি।"