খুলনার কয়রায় নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের রোববার (৪ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—কয়রা সদর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন (২৮) এবং আব্দুল মান্নান সরদার।
ঘটনার বিস্তারিত জানিয়ে পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পরিচয়ে মো. সহিদ হোসেন বাদী হয়ে কয়রা থানায় নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৬ জন নেতার নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৬০ থেকে ১৭০ জনকে আসামি করা হয়েছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, “নাশকতার মামলায় আওয়ামী লীগের এক সক্রিয় কর্মী ও নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”