শরতের প্রথম সপ্তাহে পঞ্চগড়ে হঠাৎ ঘন কুয়াশা নেমে এসেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল সাড়ে ছটার দিকে জেলার গ্রামীণ ও শহরাঞ্চলের সড়কগুলো কুয়াশায় আচ্ছন্ন থাকায় যানবাহনের গতিপথ ব্যাহত হয়। অনেক চালক সতর্কতাস্বরূপ হেডলাইট জ্বালিয়ে যানচলাচল চালিয়েছেন।

স্থানীয়দের মতে, কুয়াশার কারণে কয়েক হাত দূরের বস্তুও অস্পষ্ট হয়ে পড়েছিল। সকাল বাড়ার সাথে সাথে সূর্যালোক প্রবেশ করলে কুয়াশা ক্রমশ কেটে যায় এবং যানচলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের গলেহা কান্তমনি এলাকার বাসিন্দা আইবুল ইসলাম বলেন, "সকালে ঘুম থেকে উঠে দেখেন চারপাশ কুয়াশায় ঢেকে গেছে। কয়েক হাত দূরের কোনো কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। সেপ্টেম্বর মাসে এর আগে এমন ঘন কুয়াশা দেখেননি তিনি।"

জেলা শহরের ইজিবাইক চালক আজিজুল ইসলাম বলেন, "সকালে গাড়ি নিয়ে বের হয়ে কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়েও সামনে ঠিকমতো দেখা যাচ্ছিল না। এ কারণে তাঁকে ধীরে গাড়ি চালাতে হয়েছে।"

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা বলছেন, মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার পরিবর্তনের সঙ্গে মেঘের অবস্থানের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় মুক্তকণ্ঠকে বলেন, "গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় সেখানে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগের দিন সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।"

তিনি আরও বলেন, "শরৎকালের শুরুতে মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার কারণে আবহাওয়ার এমন পরিবর্তন দেখা যাচ্ছে। এর সঙ্গে আকাশে দীর্ঘ সময় মেঘের অবস্থান এবং হঠাৎ মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়াও কুয়াশা তৈরিতে ভূমিকা রাখছে।"