চায়নিজ তাইপে ও পাকিস্তানের পর এবার কাজাখস্তানকেও ৪-০ গোলে উড়িয়ে দিয়ে জুনিয়র এশিয়া কাপে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল। আজকের ম্যাচে জয়ের মাধ্যমে চ্যালেঞ্জার পুলে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও শক্ত করেছে তারা। আগামীকাল হংকংয়ের বিপক্ষে তাদের চতুর্থ ম্যাচ।

ম্যাচে জোড়া গোল করেন সারিকা রিমন। মোসাম্মত লিমা ও লিজা আক্তার এক একটি গোল করেন। চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ কাজাখস্তানকে চাপে রাখে। মাত্র তৃতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে সারিকা দলকে এগিয়ে দেন। ১৪ মিনিটে লিজা ব্যবধান দ্বিগুণ করলে প্রথম কোয়ার্টারেই ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দুই গোল হজম করার পর ঘুরে দাঁড়াতে চাইলেও বাংলাদেশের জমাট রক্ষণ ভাঙতে পারেনি কাজাখস্তান। দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানেই বিরতিতে যায় বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে নিয়ন্ত্রণ নিয়ে আবারও দুটি গোল আদায় করে নেয় তারা। ৪৬ মিনিটে ফিল্ড গোল করে লিমা ব্যবধান ৩-০ করেন। এরপর ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোলটি করে সারিকা এবং ৪-০ গোলের বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

দশ দলের এই টুর্নামেন্টে চ্যালেঞ্জার পুলে বাংলাদেশের পাশাপাশি কাজাখস্তান, পাকিস্তান, চায়নিজ তাইপে ও হংকং রয়েছে। অন্যদিকে এলিট পুলে স্বাগতিক চীনের সঙ্গে জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া অংশ নেয়। চ্যালেঞ্জার পুলের শীর্ষ তিন দল এবং এলিট পুলের পাঁচ দল কোয়ার্টার ফাইনালে খেলবে। চ্যালেঞ্জার পুলের চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারী দল দুটি নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে।

এবারই দ্বিতীয়বারের মতো জুনিয়র এশিয়া কাপে অংশ নিচ্ছে বাংলাদেশের মেয়েরা। ২০২৩ সালের আসরে তারা নবম হয়েছিল। বর্তমান চ্যাম্পিয়ন ভারত।