জুনিয়র এশিয়া কাপে ছেলেরা যখন টানা দুই ম্যাচে পরাজিত হচ্ছে, সেখানে মেয়েরা জয়ের পর জয় তুলে নিচ্ছে। চায়নিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পর আজ দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৫-১ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে চ্যালেঞ্জার পুলের শীর্ষে অবস্থান করছে তারা।

চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে নবম মিনিটে ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন নূপুর। দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করেন নাদিরা এমা। এরপর রক্ষণ শক্ত করলেও পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের আক্রমণ থামেনি। ৩৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে সারিকা রিমন তৃতীয় গোলটি করেন।

৪১ মিনিটে পাকিস্তানের হয়ে একটি গোল শোধ দেন সারিকা। এক গোল হজম করেও ছন্দ হারায়নি বাংলাদেশ। বরং ব্যবধান বাড়াতে আক্রমণ চালিয়ে যেতে থাকে তারা। ফলও মেলে দ্রুত। ৪৩ মিনিটে কণা আক্তারের গোলে আবারও ব্যবধান বাড়ায় বাংলাদেশ। ৫৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে আইরিন আক্তার বাংলাদেশের ব্যবধান ৫-১ করেন।

দ্বিতীয়বারের মতো জুনিয়র এশিয়া কাপে খেলছে বাংলাদেশ। এর আগে ২০২৪ সালের আসরে নবম হয়েছিল তারা। মেয়েদের জুনিয়র এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

দশ দলের এই টুর্নামেন্টে চ্যালেঞ্জার পুলে বাংলাদেশের সঙ্গে আছে কাজাখস্তান, পাকিস্তান, চায়নিজ তাইপে ও হংকং। এলিট পুলে স্বাগতিক চীনের সঙ্গে রয়েছে জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া। চ্যালেঞ্জার পুলের শীর্ষ তিন দল ও এলিট পুলের পাঁচ দল খেলবে কোয়ার্টার ফাইনালে। চ্যালেঞ্জার পুলের চতুর্থ ও পঞ্চম দল খেলবে নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচে।