চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে আজ মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয় বাংলাদেশ। যদিও গোলমুখে বারবার সুযোগ নষ্ট হলেও, তৃতীয় কোয়ার্টারে তারা সফল হয়। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক সারিকা রিমন। এরপর চতুর্থ কোয়ার্টারে কনা আক্তার দারুণ এক ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন, যা জয়ের সম্ভাবনা আরো বাড়িয়ে দেয়। তবে ম্যাচের শেষ দিকে ৫৯ মিনিটে মালয়েশিয়া একটি গোল শোধ করে। তাতে বাংলাদেশের জয় আটকাতে পারেনি তারা এবং ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

এর আগে গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিল বাংলাদেশ। চায়নিজ তাইপেকে ৭-০, পাকিস্তানকে ৫-১, কাজাখস্তানকে ৪-০ এবং হংকংকে ৬-০ গোলে হারিয়ে দাপটের সঙ্গে গ্রুপ পর্ব শেষ করেছিল তারা। তবে কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ২-০ গোলে হেরে যায় বাংলাদেশ। এই হারে আগামী বছরের জুনিয়র বিশ্বকাপে খেলার সরাসরি সুযোগও শেষ হয়ে যায়, কারণ প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট পেতে হলে অন্তত সেমিফাইনালে উঠতে হতো দলটিকে।

যদিও এখনো একটি পথ খোলা রয়েছে। যদি আগামী বছর মেয়েদের জুনিয়র বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হয়, তাহলে বাংলাদেশ বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। নিয়ম অনুযায়ী, আয়োজক দেশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলে সংশ্লিষ্ট মহাদেশ থেকে আরেকটি দেশ সুযোগ পায়। যেহেতু বাংলাদেশ পঞ্চম হয়েছে, তাই সেই সুযোগটা বাংলাদেশই তখন পাবে।

২০২৩ সালের আসরে খেলেও নবম স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলাদেশকে।