কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে দুই নারী নিহত হয়েছেন। সোমবার বিকেলে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলামের স্ত্রী জুলিয়া (২০) এবং আতিকুর রহমানের মেয়ে রাবেয়া (১৪)।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, চারজন নারী একসাথে পুকুরে গোসল করতে নামেন। ওই সময় তাঁদের মধ্যে দুজন পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সতর্কতা বার্তা দিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রইছ উদ্দীন বলেন, "পুকুরটিতে জনসাধারণের প্রবেশ সীমিত করে আজ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে।"
নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, বিনা অনুমতিতে পুকুরে গোসল বা ঘাটে প্রবেশ ও অবস্থান করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।