জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং শিক্ষার্থীদের স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সিট দখল, র‍্যাগিং, হয়রানি, ধূমপান ও মাদকদ্রব্য সেবনের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একতলা ও দ্বিতল বাসসহ বিআরটিসি থেকে ভাড়া করা যানবাহনে শিক্ষার্থীদের বসার সিট পূর্বেই খাতা, কলম, পানির বোতল, ব্যাগ, মানিব্যাগ বা কাগজ রেখে দখল করার প্রবণতা লক্ষ্য করা হচ্ছে। পাশাপাশি বাস কমিটির প্রভাব খাটানো এবং নবীন শিক্ষার্থীদের আসন পেতে বাধা সৃষ্টি বা হেনস্তা করার ঘটনাও প্রশাসনের নজরে এসেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এ ধরনের আচরণ বিশ্ববিদ্যালয়ের সুস্থ পরিবেশ, সাধারণ শিষ্টাচার ও পারস্পরিক সৌহার্দ্যের পরিপন্থী। কোনো শিক্ষার্থীর ওপর প্রভাব বিস্তার, সিট দখলের নামে অসম আচরণ বা র‍্যাগিংয়ে শামিল হওয়া শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে। অপরাধ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কঠোর প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও সরকারি আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক পরিবহনের কোনো যানবাহনের অভ্যন্তরে ধূমপান এবং যেকোনো ধরনের মাদকদ্রব্য বহন বা সেবন কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বাস ছাড়ার নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে শিক্ষার্থীদের জন্য বাসের দরজা খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চালক ও হেলপারদেরও নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে দরজা খুলে দেওয়ার এবং বাসে কোনো অবৈধ সিট দখল বা বিশৃঙ্খলা না ঘটে তা নিশ্চিত করে প্রশাসনকে অবহিত করার নির্দেশনা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহনসেবা সুশৃঙ্খল, শিক্ষার্থীবান্ধব ও র‍্যাগিংমুক্ত রাখতে সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে প্রশাসন।