জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের একটি পুকুরে গোসল করতে নেমে ডুবে মৃত্যু হয়েছে দুই নারীর। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলামের স্ত্রী জুলিয়া (২০) এবং আতিকুর রহমানের মেয়ে রাবেয়া (১৪)।
ঘটনা প্রসঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ মুক্তকণ্ঠকে বলেন, "সোমবার বেলা ৩টার দিকে চার নারী একসঙ্গে পুকুরে গোসল করতে নামেন। তাদের মধ্যে দুজন সাঁতরে পুকুর থেকে উঠতে পারলেও অপর দুজন উঠতে পারেননি। পরে স্থানীয় বাসিন্দারা পুকুর থেকে তাদের উদ্ধার করেন। ততক্ষণে তাদের মৃত্যু হয়। মরদেহগুলোর বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।"
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দিন মুক্তকণ্ঠকে জানান, ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয় থেকে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়েছে। তিনি আরও বলেন, "পুকুরটিতে জনসাধারণের প্রবেশ সীমিত করে আজই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে।"