কক্সবাজার শহরের উত্তর হাজীপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র অভিযানে ৯০ হাজার ইয়াবা বড়ি ও ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার এবং এক কিশোরকে হেফাজতে নেওয়া হয়েছে।
আজ সোমবার সকালে সদর উপজেলার ঝিলংজার পাওয়ার হাউসসংলগ্ন উত্তর হাজীপাড়া কবরস্থান গেটের সামনের একটি নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করে ডিএনসি কর্মকর্তারা। অভিযানের সময় আশিক মোমেনের থাকার ঘরের একটি কক্ষের কাঠের তৈরি খাটের বক্সের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ইয়াবা বড়িগুলো পাওয়া যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফের পশ্চিম পানখালী এলাকার আশিক মোমেন (২৩) ও তাঁর স্ত্রী সাদিয়া ফারহানা (২৩)। হেফাজতে নেওয়া ১৬ বছর বয়সী কিশোরটির বাড়িও টেকনাফে। উল্লেখ্য, তিনজনই উত্তর হাজীপাড়ার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
ডিএনসি কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আশিক মোমেনের থাকার ঘরের একটি কক্ষের কাঠের তৈরি খাটের বক্সের ভেতরে বিশেষ কায়দায় ইয়াবাগুলো লুকিয়ে রাখা হয়েছিল। সেখান থেকে ৯০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা বিক্রির ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। সোমেন মন্ডল আরও বলেন, অভিযানে তিনটি মুঠোফোনও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিকেলে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য তদন্ত চলছে।