কক্সবাজার সদর উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করে তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের হাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই সাফল্য অর্জন করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকার আশিক মোমেন মেহেদী, তার স্ত্রী সাদিয়া ফারহানা এবং হ্নীলার পশ্চিম সিকদারপাড়া এলাকার জাফরুল ইসলামের ছেলে সায়মুন সরোয়ার। জানা গেছে, তারা বর্তমানে কক্সবাজার সদর উপজেলার হাজীপাড়া এলাকায় বসবাস করছিলেন।
ডিএনসি কর্মকর্তা সোমেন মণ্ডল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশিক মোমেন মেহেদীর বাসায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৯০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৩৫ লাখ টাকা উদ্ধার করা হয়। এসময় আশিক মোমেন, সাদিয়া ও তাদের সহযোগী সায়মুন সরোয়ারকে আটক করা হয়।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে সোমেন মণ্ডল আরও জানান, আটক ব্যক্তিরা কক্সবাজার থেকে ইয়াবা পাচারের উদ্দেশ্যে ওই বাড়িতে অবস্থান করছিলেন। উদ্ধারকৃত ইয়াবা ও নগদ অর্থের উৎস এবং মাদক ব্যবসার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।