প্রায় নয় মাস পর ওয়ানডে দলে ফিরেছেন টেম্বা বাভুমা। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়া সিরিজে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দেবেন তিনি। সোমবার (৭ সেপ্টেম্বর) ক্রিকেট দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের এই সিরিজের জন্য ১৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে।

বাভুমা সর্বশেষ ২০২৫ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন। এর চেয়েও দীর্ঘ বিরতি শেষ হচ্ছে পেসার জেরাল্ড কোয়েৎজির। ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালে শেষবারের মতো মাঠে নামা এই বোলার প্রায় তিন বছর পর আবার সুযোগ পেয়েছেন। বিশ্রামে থাকা অভিজ্ঞরাও ফিরে আসায় স্বাগতিকদের হাতে এখন একটি শক্তিশালী দল রয়েছে। নামিবিয়ার বিপক্ষে বিশ্রামে যাওয়া এইডেন মার্করাম, ডেভিড মিলার, কুইন্টন ডি কক, মার্কো ইয়ানসেন, লুঙ্গি এনগিডি ও করবিন বশ দলে ফিরেছেন।

তবে পেস আক্রমণে বড় ধাক্কা দিয়েছে কাগিসো রাবাদার চোট। ওয়ানডে সিরিজে তিনি খেলতে পারবেন না। আগামী টেস্ট সিরিজের আগে তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। রাবাদার অনুপস্থিতিতে জেরাল্ড কোয়েৎজি, লুঙ্গি এনগিডি, অটনিয়েল বার্টম্যান ও কোয়েনা মাফাকাকে বাড়তি দায়িত্ব নিতে হবে।

আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে। সেই আসরের প্রস্তুতির অংশ হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ। ঘোষিত ১৬ সদস্যের দল হলো: টেম্বা বাভুমা (অধিনায়ক), অটনিয়েল বার্টম্যান, করবিন বশ, ম্যাথু ব্রিটজকে, জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফরটুইন, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কোয়েনা মাফাকা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, রায়ান রিকেলটন ও ট্রিস্টান স্টাবস।