যশোরের অভয়নগর উপজেলার রানাগাতী গ্রামে নিষিদ্ধ চরমপন্থি দলের সদস্য বাহারুল মল্লিককে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শুভরাড়া ইউনিয়নের মোল্যা বাড়ির বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পিস্তলের এক রাউন্ড ব্যবহৃত গুলি ও লাল টেপে মোড়ানো ককটেলসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, বাহারুল মল্লিক রানাগাতী গ্রামের হাকিম মল্লিকের ছেলে। স্থানীয়রা জানান, বাগানে গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। নিহতের ভাই বিল্লাল মল্লিক জানান, প্রায় ১৫ বছর আগে বাহারুল বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তিনি পরিবারের সঙ্গে নিয়মিত থাকতেন না। মাঝেমধ্যে ফোনে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতেন। সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে ভাইয়ের মৃত্যুর খবর জানতে পারেন তিনি।
অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান জানান, বাহারুল মল্লিক একটি নিষিদ্ধ চরমপন্থি দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার ঠোঁটের নিচে গুলির চিহ্ন রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে পিস্তলের এক রাউন্ড ব্যবহৃত গুলি এবং লাল টেপে মোড়ানো ককটেলসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।