যশোর জেলার অভয়নগরে নিজ বাসভবন থেকে আছিয়া বেগম (৭৫) নামের এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের দাবি, তাকে নির্মমভাবে হত্যার পর দুর্বৃত্তরা ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকার এবং জমির দলিল লুট করে নিয়ে গেছে।

ঘটনাটি মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামে ঘটেছে। নিহত আছিয়া বেগম ওই গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, রাতে চুরি করার উদ্দেশ্যে অথবা অন্য কোনো পরিকল্পনা নিয়ে দুর্বৃত্তরা ওই বাড়িতে প্রবেশ করেছিল। সেই সময় বৃদ্ধা তাদের চিনে ফেললে তাকে গলা কেটে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের মেয়ে পান্না বেগম জানান, বাবার মৃত্যুর পর তার মা এবং খালা ওই বাড়িতে একত্রে বসবাস করতেন। তবে সোমবার (১৯ অক্টোবর) তার খালা এক মেয়ের বাড়িতে বেড়াতে যান। ফলে ঘটনার রাতে বাড়িতে একা ছিলেন আছিয়া বেগম।

পান্না বেগম আরও জানান, মঙ্গলবার সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতরে উঁকি দেন। তখনই খাটের ওপর তার মায়ের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।

ঘটনার বর্ণনা দিয়ে পান্না বেগম বলেন, “সকালে এসে দেখি, খাটের ওপর মায়ের গলাকাটা মরদেহ পড়ে আছে। ঘরের ভেতরের সব মালামাল এলোমেলো। জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। দুর্বৃত্তরা আমার মাকে খুন করে সব লুটে নিয়েছে।”

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, নিজ ঘরের খাটের ওপর থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সম্ভাব্য আলামত সংগ্রহ করছে।

তিনি আরও বলেন, “তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”