যশোরের অভয়নগর উপজেলার পাঁচটি সড়কের পাশে রোপিত ১ হাজার ৫৪টি গাছ কাটার প্রক্রিয়া শুরু হয়েছে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। ইতিমধ্যে নওয়াপাড়া পৌরসভা এলাকার ২৭৫টি গাছ কাটার জন্য বন বিভাগের অনুমোদন পাওয়া গেছে এবং বাকি ৭৭৯টি গাছ কাটার অনুমোদনের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। তবে নওয়াপাড়া পৌরসভা অংশের অনুমোদিত ২৭৫টি গাছের মধ্যে ২৩টি গাছ ইতিমধ্যে কাটা হয়েছে।
যে পাঁচটি সড়ক থেকে গাছ কাটার পরিকল্পনা করা হয়েছে, সেগুলো সবই যশোরের জলাবদ্ধ ভবদহ অঞ্চলে অবস্থিত। এই বিপুল সংখ্যক গাছ একসঙ্গে কাটা হলে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অভয়নগরের সুন্দলী গ্রামের কলেজশিক্ষক কানু বিশ্বাস মুক্তকণ্ঠ কে বলেন, “যেসব গাছ কাটা হবে, সেগুলো ভবদহ জলাবদ্ধ অঞ্চলের। এসব গাছ বর্ষা মৌসুমে পানির চাপ থেকে সড়ক রক্ষা করে। গাছগুলো কাটা হলে পানির তোড়ে সড়ক ভেঙে যেতে পারে। গাছগুলো না কেটে সংরক্ষণ করা দরকার।”
জানা গেছে, বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহায়তায় ‘কাজের বিনিময়ে খাদ্য’ কর্মসূচির আওতায় এই গাছগুলো রোপণ করা হয়েছিল। ২০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ ২০১৩ সালে শেষ হয়েছে। বর্তমানে গাছগুলোর বয়স ৩০ বছরের বেশি। এখন এই গাছগুলো বিক্রি করে প্রাপ্ত অর্থ থেকে সামাজিক বনায়ন প্রকল্পের নারী সদস্যদের পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য গাছ কাটার তোড়জোড় চলছে।
যশোর বন বিভাগ ও একটি বেসরকারি সংস্থার সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালের ১ জুলাই একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির প্রথম পক্ষ ছিল নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ, দ্বিতীয় পক্ষ বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট পার্টনার (ডিপি) এবং তৃতীয় পক্ষ সামাজিক বনায়ন প্রকল্পের ৫২ জন নারী সদস্য। এই চুক্তির আওতায় বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতায় এবং ডিপির তত্ত্বাবধানে নওয়াপাড়া-সুন্দলী সড়ক, সুন্দলী-গোবিন্দপুর সড়ক, সুন্দলী-ডহর মশিয়াহাটি সড়ক, নওয়াপাড়া বেতার-ধোপাদী সড়ক এবং নওয়াপাড়া-সরখোলা সড়কের মোট ১৩ কিলোমিটার রাস্তার দুই পাশে বিভিন্ন প্রজাতির ২৬ হাজারের বেশি চারাগাছ রোপণ করা হয়। এই চারাগাছগুলোর যত্ন, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্ব পালন করেন সামাজিক বনায়ন প্রকল্পের সদস্যরা।
চুক্তির শর্ত অনুযায়ী, গাছ বিক্রির অর্থ নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ ২০ শতাংশ, ডিপি ২০ শতাংশ এবং সামাজিক বনায়ন প্রকল্পের সদস্যরা ৬০ শতাংশ পাবেন। সেই চারাগুলো এখন বিশাল বৃক্ষে পরিণত হয়েছে এবং এখন সেগুলো কাটার তালিকায় রয়েছে। তালিকায় রয়েছে ৫৮৫টি মেহগনি, ৪৩৪টি রেইনট্রি, ৩টি শিশু, ৩টি ইপিলইপিল, ২৪টি বাবলা ও ৫টি কড়ই গাছ। পরবর্তীতে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ ভেঙে নওয়াপাড়া পৌরসভা এবং সুন্দলী ইউনিয়ন পরিষদ গঠিত হয়। ফলে ২৭৫টি গাছ নওয়াপাড়া পৌরসভা এলাকায় এবং বাকি ৭৭৯টি গাছ সুন্দলী ইউনিয়নে পড়েছে। নওয়াপাড়া পৌরসভার পানিনিষ্কাশন নালা নির্মাণের জন্য ইতিমধ্যে ২৩টি গাছ কাটা হয়েছে, যার মধ্যে মেহগনি ২টি, রেইনট্রি ২০টি ও ইপিলইপিল ১টি।
গত ১ নভেম্বর নওয়াপাড়া-সুন্দলী সড়ক, সুন্দলী-গোবিন্দপুর সড়ক ও সুন্দলী-ডহর মশিয়াহাটি সড়ক পরিদর্শনে দেখা যায়, রাস্তার দুই পাশে সারি সারি গাছ দাঁড়িয়ে আছে। গাছগুলোর গায়ে ছাল তুলে লালকালি দিয়ে ক্রমিক নম্বর লিখে রাখা হয়েছে।
নওয়াপাড়া পৌরসভার প্রশাসকের কাছে দুটি সড়কের পাশের ২৭৫টি গাছ বিক্রির অনুমতি চেয়ে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর আবেদন করেন ডিপির নির্বাহী পরিচালক কানিজ শবনম। এর পরিপ্রেক্ষিতে তৎকালীন নওয়াপাড়া পৌরসভার প্রশাসক ও যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন ১০ সেপ্টেম্বর যশোরের বিভাগীয় বন কর্মকর্তার কাছে বিধিমোতাবেক গাছ বিক্রির বিষয়ে চিঠি পাঠান। এরপর ২০২৫ সালের ৪ নভেম্বর নওয়াপাড়া পৌরসভার প্রশাসক ও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন উপকারভোগীদের টাকা বণ্টনের জন্য যশোর বিভাগীয় বন কর্মকর্তার কাছে অনুমতি চেয়ে চিঠি দেন। ওই চিঠির প্রেক্ষিতে ২০২৫ সালের ১৬ নভেম্বর যশোরের সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মণ্ডল শর্ত সাপেক্ষে গাছ কাটার অনুমতি প্রদান করেন।
গতকাল বন কর্মকর্তা অমিতা মণ্ডল মুক্তকণ্ঠ কে বলেন, “নওয়াপাড়া পৌরসভার প্রশাসকের আবেদনের পরিপ্রেক্ষিতে গাছগুলোর মূল্য নির্ধারণ এবং গাছ লাগানোর শর্ত সাপেক্ষে গাছ কাটার অনুমোদন দেওয়া হয়েছে।”
তবে এই বিষয়ে ইউএনও শেখ সালাউদ্দীন মুক্তকণ্ঠ কে জানান, তিনি এখানে যোগদানের পর বিষয়টি পুরোপুরি বুঝে ওঠার আগেই বন বিভাগের কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছিলেন। তবে এখন তিনি বিষয়টি অনুধাবন করেছেন এবং গাছগুলো আর কাটতে দিতে চান না। তিনি আরও বলেন, “গাছ আমাদের অমূল্য সম্পদ। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে গাছের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গাছগুলো কাটলে এলাকাটি বিরানভূমি হয়ে পড়বে। এ জন্য গাছগুলো কাটার অনুমোদন না দিতে চেষ্টা করা হচ্ছে।”
ডেভেলপমেন্ট পার্টনার সূত্রে জানা গেছে, ১ হাজার ৫৪টি গাছ বিক্রির অনুমতির জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছিল। মন্ত্রণালয় একটি গাছ কাটার বিপরীতে তিনটি গাছ লাগানোর শর্তে এক ধরনের অনুমতি দিয়েছে। প্রথম দফায় নওয়াপাড়া পৌরসভা এলাকার ২৭৫টি গাছ বিক্রির অনুমোদন দিয়েছে যশোর বন বিভাগ এবং পর্যায়ক্রমে সুন্দলী ইউনিয়নের বাকি ৭৭৯টি গাছের জন্য আবেদন করা হবে।
ডেভেলপমেন্ট পার্টনারের পরিচালক কানিজ শবনম জানান, বিভাগীয় বন কর্মকর্তা ২৭৫টি গাছ বিক্রির অনুমোদন দিলেও ইউএনও অনুমতি দিচ্ছেন না, ফলে গাছগুলো বিক্রি করা সম্ভব হচ্ছে না।
অন্যদিকে, ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ মুক্তকণ্ঠ কে বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ কাটা ঠিক নয়। বিশেষ করে ভবদহ অঞ্চলের গাছ কাটা মোটেও ঠিক নয়। শর্ত সাপেক্ষে হলেও গাছগুলো রক্ষা করা জরুরি। সরকারের উচিত, কোনো খাত থেকে সুফলভোগী নারীদের প্রাপ্য টাকা বুঝিয়ে দিয়ে গাছগুলো রক্ষা করা।”