সাতক্ষীরায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের বাইপাস সড়ক এলাকা থেকে মাদকসহ দুই পুলিশ কনস্টেবলকে আটক করেছে। আটককৃতরা হলেন কনস্টেবল মোস্তাইন বিল্লাহ (নম্বর ১২২৮) ও কনস্টেবল নাজমুল ইসলাম। অভিযানে তাদের কাছ থেকে ৫৬ বোতল কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।
ডিবি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়। মোস্তাইন বিল্লাহ বর্তমানে সাতক্ষীরা পুলিশের ডিএসবি শাখায় কর্মরত থাকলেও আগে তিনি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাথেও দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে নাজমুল ইসলাম ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করেন।
পুলিশের অভ্যন্তরীণ গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসে যে, দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহরের সার্কিট হাউস মোড় এলাকার একটি চা ও ক্যারাম খেলার দোকানে বসে মোস্তাইন বিল্লাহ বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা, কোরেক্স ও গাঁজা সংগ্রহ করে বিক্রি করতেন। ওই দোকানের মালিক তাইফুর তাকে এই কাজে সহযোগিতা করতেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। তবে এসব বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মাদকসংক্রান্ত অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির পর সোমবার রাতে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিস্তারিত পরে জানানো হবে।