অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞাসহ মোট পাঁচজন আইন কর্মকর্তা ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সোমবার আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তাঁদের পদত্যাগপত্র জমা দেওয়া হয়।

পদত্যাগকারী অন্য চারজন হলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আকতার রুবি ও মামুন চৌধুরী, এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জল চাকমা।

গত অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৪ সালের ১৩ আগস্ট আবদুল জব্বার ভুঞাসহ তিনজনকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন। পদত্যাগের বিষয়ে জব্বার ভুঞা মুক্তকণ্ঠকে জানান, আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর আজ বিকেলে পদত্যাগপত্র দিয়েছেন। ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র দিয়েছেন।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত ৩০ জুলাই সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৮০ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নিয়োগ দেয়। এতে মোট ২৬৬ জন নিয়োগ পান। এর আগে বিভিন্ন সময়ে নিয়োগ পাওয়া সব ডিএজি ও এএজির নিয়োগ আদেশ বাতিল করে এই নতুন নিয়োগ প্রদান করা হয়। পদত্যাগকারী অন্য চারজনও গত ৩০ জুলাই এই তালিকায় নিয়োগ পেয়েছিলেন।

পদত্যাগের বিষয়ে সুলতানা আকতার রুবি মুক্তকণ্ঠকে বলেন, রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্র আজ আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়ে পাঠানো হয়েছে। মামুন চৌধুরীও ব্যক্তিগত কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দিয়েছেন জানিয়ে মুক্তকণ্ঠকে বলেন, অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করে আজ সকালে তাঁর কাছে পদত্যাগপত্র দিয়েছেন।

আরেক পদত্যাগকারী রোহানী সিদ্দিকা জানান, রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্র আজ বেলা সাড়ে ১১টার দিকে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিয়েছেন। তিনি মুক্তকণ্ঠকে বলেন, ‘ব্যক্তিগতভাবে আইন পেশা পরিচালনা করব। ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছি।’ প্রোজ্জল চাকমাও একই কারণে রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্র আজ দুপুরে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিয়েছেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, নতুন নিয়োগ ঘোষণার পর ডিএজি ও এএজি পদে নিয়োগ না পাওয়া ও নিয়োগপ্রত্যাশী বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ গত ২ আগস্ট অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে সেদিন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ১ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় প্রতিদিনই তারা বিক্ষোভ চালিয়ে যান।