ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) সাদিয়া আফরিন শাপলা পদত্যাগপত্র জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ বুধবার রাষ্ট্রপতি বরাবরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তিনি এই পদত্যাগপত্র দেন। এর মাধ্যমে মাত্র দুই দিনের ব্যবধানে মোট ছয়জন আইন কর্মকর্তা সরকারি চাকরি থেকে পদত্যাগ করলেন।

এর আগে গত ৭ সেপ্টেম্বর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আকতার রুবি ও মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জল চাকমা পদত্যাগপত্র জমা দেন।

সাদিয়া আফরিন শাপলা জানান, ব্যক্তিগত কারণে রাষ্ট্রপতি বরাবরে লেখা পদত্যাগপত্র আজ সকালে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত ৩০ জুলাই সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৮০ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নিয়োগ দেওয়া হয়। ডিএজি ও এএজি পদে সব মিলে ২৬৬ জন আইনজীবী নিয়োগ পান। এর আগের সময়ে বিভিন্নভাবে নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে এই নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। উল্লেখ্য, ৩০ জুলাই ডিএজি হিসেবে নিয়োগপ্রাপ্তদের তালিকায় সাদিয়া আফরিন শাপলার নাম অন্তর্ভুক্ত ছিল।

নতুন এই নিয়োগ প্রক্রিয়ার পরপরই ডিএজি ও এএজি পদে নিয়োগ না পাওয়া এবং নিয়োগপ্রত্যাশী বিএনপিপন্থী আইনজীবীদের একটি অংশ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে গত ২ আগস্ট থেকে তারা বিক্ষোভ সমাবেশ করেন। ১ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় প্রতিদিনই তাদের এই বিক্ষোভ চলতে থাকে।