ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দ্বারা গড়া অনুমোদনহীন ছোট বসতি বা আউটপোস্ট ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি গতকাল রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। ফিলিস্তিনি নাগরিকদের ওপর ইহুদি বসতি স্থাপনকারীদের হামলা রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের চাপের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি সূত্রগুলোর তথ্য অনুযায়ী, এই নির্দেশটি কেবল সেইসব ছোট বসতির ক্ষেত্রেই প্রযোজ্য, যা ইসরায়েল সরকারের কোনো আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই পশ্চিম তীরে প্রতিষ্ঠিত হয়েছে। সাধারণত এসব বসতিতে পূর্বনির্মিত ক্ষুদ্র ঘর বা আবাসিক ইউনিট থাকে এবং সেখানে খুব অল্প সংখ্যক বসতি স্থাপনকারী বসবাস করেন। ইসরায়েল সরকার বিভিন্ন সময়ে অনুরূপ স্থাপনা ধ্বংস করেছে, আবার কিছু ক্ষেত্রে সেগুলোকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয় অর্থায়নের সুযোগ করে দিয়েছে। তবে ছোট বসতিগুলো ভাঙার কাজ কবে শুরু হবে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
একই প্রেক্ষাপটে ইসরায়েলের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়, নেতানিয়াহুর এই নির্দেশটি অধিকৃত ভূখণ্ডের প্রায় ১০০টি ছোট বসতির ওপর প্রযোজ্য হবে।
অন্যদিকে, পশ্চিম তীরের জালুদ গ্রাম থেকে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দ্বারা বিতাড়িত তিন ফিলিস্তিনি পরিবারকে নিরাপদে তাদের নিজ বাড়িতে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি সুপ্রিম কোর্ট। গতকাল এই আদালত এমন আদেশ দেন।
জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বিশ্বের অধিকাংশ দেশের সরকারের মতে, আন্তর্জাতিক আইন অনুযায়ী সব ইসরায়েলি বসতিই অবৈধ। তারা পশ্চিম তীরকে ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণাধীন অধিকৃত ভূখণ্ড হিসেবে চিহ্নিত করে। অন্যদিকে ইসরায়েল দাবি করে যে, পশ্চিম তীর কোনো অধিকৃত এলাকা নয়, বরং এটি একটি বিরোধপূর্ণ ভূখণ্ড।