‘গাজার প্রতিটি শিশু, প্রতিটি নবজাতকই আমাদের শত্রু।’ যেকোনো স্বাভাবিক ও সুস্থ সমাজে একজন রাজনীতিবিদের মুখে এমন বিকৃত ও নৃশংস কথা শুনলে তাঁর রাজনৈতিক ক্যারিয়ার এবং সামাজিক ভাবমূর্তি মুহূর্তেই ধুলোয় মিশে যেত। কিন্তু ইসরায়েলের বাস্তব চিত্রটি সম্পূর্ণ ভিন্ন।

সদ্য ইসরায়েলি আইনসভা বা নেসেটে নির্বাচিত মোশে ফেইগলিন, যাঁকে একসময় কট্টর ডানপন্থী হিসেবে চিহ্নিত করা হতো, গত মে মাসে এই চরম মন্তব্যটি করেছিলেন। তিনি কেবল এই কথাতেই থেমে থাকেননি, বরং ফিলিস্তিনি শিশুদের আরও বেশি মৃত্যুর কামনা করেছেন। গত মাসের নির্বাচনে কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের সঙ্গে জোট গঠন করেন ফেইগলিন। বেনিয়ামিন নেতানিয়াহু এই ‘গুরুত্বপূর্ণ ঐক্যকে’ স্বাগত জানানোর পাশাপাশি তাঁদের ‘জাতীয় দায়িত্ববোধের’ ভূয়সী প্রশংসা করেছিলেন।

ফেইগলিনের এই কথাগুলো কেবল একজন চরমপন্থী নেতার প্রলাপ হিসেবে উড়িয়ে দেওয়া যায় না। আন্তর্জাতিক সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’-এর মতে, ইসরায়েল গাজায় কার্যত ‘শিশুদের বিরুদ্ধে যুদ্ধ’ পরিচালনা করছে। চলতি বছরের শুরুতে জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিশন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু বানিয়ে হত্যা করেছে।

গত মাসের নির্বাচনে নেতানিয়াহু এবং তাঁর কট্টর ডানপন্থী মিত্ররা সংখ্যাগরিষ্ঠতা হারালে অনেকের মনেই আশা জেগেছে যে, এই ভয়াবহ বিভীষিকার অবসান ঘটবে। তবে প্রধানমন্ত্রী যেই হোন না কেন, ফিলিস্তিনি শিশুদের প্রতি এই চরম ঘৃণা ও অবজ্ঞা কেবল নেতানিয়াহুর সরকারের মধ্যেই সীমাবদ্ধ নেই।

আভিগদর লিবারম্যানের উদাহরণ নেওয়া যেতে পারে। ২০২৩ সালের নভেম্বরে তিনি ঘোষণা করেছিলেন, ‘গাজায় নির্দোষ বলে কেউ নেই’। উল্লেখ্য, ৭ অক্টোবরের হামলার পাঁচ বছর আগেও তিনি ঠিক একই কথা বলেছিলেন। লিবারম্যান নেতানিয়াহুর মিত্র নন, বরং তিনি বিরোধী দলের একজন শীর্ষ নেতা এবং নতুন সরকার গঠনে সম্ভাব্য ‘কিংমেকার’ বা নির্ণায়ক শক্তি। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, তাঁর এই দৃষ্টিভঙ্গি ইসরায়েলের মূলধারার জনমতেরই প্রতিফলন। গত বছরের একটি জনমত জরিপ অনুযায়ী, প্রতি ১০ জন ইহুদি ইসরায়েলির মধ্যে প্রায় ৮ জনই ‘গাজায় কোনো নিরপরাধ মানুষ নেই’—এই বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন।

অন্যদিকে, নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্য এবং নেসেটের ডেপুটি স্পিকার নিসিম ভাতুরি ২০২৫ সালের জানুয়ারিতে বলেছিলেন, ‘গাজা সন্ত্রাসীতে ভরা এবং সেখানে জন্ম নেওয়া প্রতিটি শিশু জন্মের মুহূর্ত থেকেই একজন সন্ত্রাসী।’ এই বক্তব্য নিঃসন্দেহে পৈশাচিক। তবে লাপিদের মধ্যপন্থী দলের রাজনীতিবিদ মেইরাভ বেন-আরির মনোভাবের সঙ্গে এর পার্থক্য খুব সামান্যই। তিনি তো রীতিমতো চিৎকার করে বলেছিলেন, গাজার শিশুরা নিজেরাই নিজেদের এই পরিণতি ডেকে এনেছে!

বর্তমান পরিস্থিতিতে নতুন সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত প্রধান বিরোধী নেতা গাদি আইজেনকটের কথা বলা প্রয়োজন। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর একজন সাবেক জেনারেল এবং মাসের পর মাস নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভায় থেকে গাজাকে মানচিত্র থেকে মুছে ফেলার অভিযানে সক্রিয় ছিলেন। ২০০৬ সালে লেবাননে ইসরায়েলের বিধ্বংসী আগ্রাসন নীতির সঙ্গেও তিনি গভীরভাবে জড়িত ছিলেন। সেই যুদ্ধে প্রায় ৪০০ শিশু নিহত হয়েছিল, যা ছিল মোট নিহতের এক-তৃতীয়াংশের বেশি।

গাজার আল-শিফা হাসপাতালে ইসরায়েলি হামলার সময় লিকুদ পার্টির আরেক রাজনীতিবিদ অমিত হালেভি দাবি করেছিলেন যে, প্রসূতি ওয়ার্ডে ৩০০ সন্ত্রাসী জন্ম নিয়েছে। এই কথাগুলো শুনলে যে কারও গা গুলিয়ে উঠতে পারে। কিন্তু বিরোধী শিবিরের শীর্ষ নেতা নাফতালি বেনেটের অবস্থান কী ছিল?

২০১৮ সালে গাজা সীমান্তের বেড়া পার হতে চাওয়া ফিলিস্তিনিদের দেখামাত্র গুলির নীতির পক্ষে সাফাই গাইছিলেন বেনেট। সে সময় তাঁকে প্রশ্ন করা হয়েছিল, শিশুদের ক্ষেত্রেও কি এই নীতি প্রযোজ্য? জবাবে তিনি বলেছিলেন, ‘ওরা শিশু নয়—ওরা সন্ত্রাসী। আমরা নিজেদেরই বোকা বানাচ্ছি।’

পশ্চিমা চিকিৎসকরাও বারবার সাক্ষ্য দিয়েছেন যে, ফিলিস্তিনি শিশুদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। মার্কিন-ইহুদি শল্যচিকিৎসক মার্ক পার্লমাটার এমন অনেক শিশুর চিকিৎসা করেছেন, যাদের শরীরে দুবার করে গুলি করা হয়েছে। তাঁর স্পষ্ট সাক্ষ্য, ভুলবশত কোনো শিশুর গায়ে দুবার গুলি লাগে না।

নেতানিয়াহুর পতনেই সব পরিবর্তন আসবে—এমন বিভ্রম ছড়ানো মানেই ফিলিস্তিনি শিশুদের তাদের নিয়তির হাতে ছেড়ে দেওয়া। একমাত্র প্রবল আন্তর্জাতিক চাপই এখানে আশার আলো দেখাতে পারে, যার মধ্যে পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা এবং কঠোর অর্থনৈতিক অবরোধ অন্তর্ভুক্ত থাকতে হবে।

ইসরায়েলি রাজনীতিবিদরা যখন ক্ষমতা ভাগাভাগির দর-কষাকষিতে ব্যস্ত, তখন তাঁদের সেনারা নির্বিচারে শিশুহত্যা চালিয়ে যাচ্ছে। শুধু চলতি সপ্তাহেই গাজার একটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় বাবার সঙ্গে প্রাণ হারিয়েছে ১৩ বছর বয়সী এক কিশোর, এবং পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে ১৪ বছর বয়সী আরেক কিশোর।

কেবল নেতানিয়াহু ক্ষমতা থেকে সরে গেলেই এই হত্যাযজ্ঞ বন্ধ হবে না। যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানাভুক্ত নেতানিয়াহুকে একক খলনায়ক বানানো সহজ। কিন্তু বাস্তবতা হলো, ইসরায়েলি সমাজে ফিলিস্তিনিদের ‘মানুষ’ হিসেবে গণ্য না করার (ডিহিউম্যানাইজেশন) মানসিকতা এতটাই চরম পর্যায়ে পৌঁছেছে যে, সরকার ও বিরোধী দল—উভয় শিবিরের শীর্ষ নেতারাই ফিলিস্তিনি শিশুদের বৈধ লক্ষ্যবস্তু বলে মনে করেন।

নেতানিয়াহুর পতনেই অর্থবহ কোনো পরিবর্তন আসবে—এমন বিভ্রম ছড়ানোর অর্থ হলো কার্যত ফিলিস্তিনি ও তাদের শিশুদের নিয়তির হাতে ছেড়ে দেওয়া। একমাত্র প্রবল আন্তর্জাতিক চাপই এখানে আশার আলো দেখাতে পারে—যার মধ্যে থাকতে হবে পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা থেকে শুরু করে কঠোর অর্থনৈতিক অবরোধ।

স্মরণ রাখা প্রয়োজন, দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সমাজ কোনো নৈতিক উপলব্ধি থেকে বর্ণবাদী শাসনব্যবস্থা (অ্যাপার্থেইড) ত্যাগ করেনি; বরং দেশের ভেতরে তীব্র প্রতিরোধ এবং বাইরের ক্রমবর্ধমান চাপের মুখে যখন তাদের সামনে আর কোনো পথ খোলা ছিল না, ঠিক তখনই তারা পিছু হটতে বাধ্য হয়েছিল।

ওয়েন জোনস ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান -এর কলামিস্ট। দ্য গার্ডিয়ান থেকে নেওয়া। ইংরেজি থেকে সংক্ষেপিত অনুবাদ: রাফসান গালিব।