মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ফেরিঘাট আন্ডারপাস এলাকায় সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এক দুধ ব্যবসায়ীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ১ লাখ ২৫ হাজার টাকা ও প্রায় ৪৫ হাজার টাকার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে।

ছিনতাইয়ের শিকার রফিকুল ইসলাম উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকার বাসিন্দা। ঘটনায় তিনি বাম হাত ও পেটের বাম পাশে গুরুতর জখম হন। আহত অবস্থায় তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। পরে তিনি শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম সোমবার সকাল ৮টার দিকে অটোরিকশায় ড্রামভর্তি দুধ নিয়ে সিরাজদিখানের নিমতলা এলাকায় যান। সেখানে দুধ বিক্রি করে টাকা হাতে পেয়ে বাড়ি ফেরার পথে শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাস এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ৩-৪ জন নেমে তার যানবাহন রোধ করে।

একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এরপর তারা তার নগদ ১ লাখ ২৫ হাজার টাকা এবং প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সিএনজিযোগে মাওয়ার দিকে পালিয়ে যায়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।