মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে পানিভর্তি খাদে পড়ে গেছে দর্শনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন জন যাত্রী নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে। এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের হাসাড়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বলে জানা গেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। উদ্ধার অভিযানের পর আহতদের মধ্যে ১১ জনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরিয়ে নেওয়া হয়। বাকি পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।