ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় শিশুসহ তিন নারী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১টার দিকে উপজেলার দোগাছী এলাকায় মাওয়ামুখী লেনে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান পরিচালনা করে এবং আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

আহতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বাগেরহাটের শরণখোলার রাজু মাতব্বরের স্ত্রী শাহনাজ (৪০), ঢাকার উত্তরা বাউনিয়া এলাকার নাদিম হোসেনের স্ত্রী নাইমা ইসলাম কলি (৩০) এবং তাঁর ৬ বছর বয়সী মেয়ে আয়না আক্তার।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকার বাইপাইল থেকে বাগেরহাটের মোড়েলগঞ্জগামী ‘নিউ বলেশ্বর পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস অত্যন্ত বেপরোয়া গতিতে চলছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সড়ক নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, “সড়ক দুর্ঘটনা এড়াতে যানবাহনের গতি নিয়ন্ত্রণে রাখা, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকা এবং ট্রাফিক আইন মেনে চলা অত্যন্ত জরুরি।”