ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় চিকিৎসাধীন অবস্থায় এক প্রসূতির মৃত্যুর ঘটনায় নিউ গরীব শাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করেছেন স্থানীয় প্রশাসন। এ সময় ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ক্লিনিকটিতে অভিযান চালিয়ে এই ব্যবস্থা গ্রহণ করেন। অভিযানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুন ও কালীগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
রোববার বিকেলে ওই ক্লিনিকে চিকিৎসাধীন শিল্পী খাতুন নামে ওই প্রসূতির মৃত্যু ঘটে। ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। প্রসূতির মৃত্যুর পর অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতককে জীবিত উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক এবং ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ক্লিনিকটির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
মৃত্যুর পর নবজাতককে দেখতে ইউএনও রেজওয়ানা নাহিদ উপজেলার সাতগাছিয়া গ্রামে তার নানা বাড়িতে যান। সেখানে তিনি শিশুটির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ও ১০ হাজার টাকা তার নানির হাতে তুলে দেন। শিশুটির চিকিৎসাসংক্রান্ত বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
রেজওয়ানা নাহিদ বলেন, ক্লিনিকটিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং সিলগালা করা হয়েছে। নবজাতক শিশুটির খোঁজখবর নেওয়া হয়েছে। শিশুটির প্রয়োজনীয় জিনিসপত্র ও ১০ হাজার টাকা তার নানির হাতে দেওয়া হয়েছে। চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা করা হবে।