নোয়াখালীর হাতিয়ায় ফেরিঘাটের পন্টুনে অভিযান চালিয়ে ১ হাজার ৮০০ লিটার চোরাই ডিজেল ও ২০০ লিটার মবিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা তেল ও মবিলের আনুমানিক মূল্য ৩ লাখ ২৭ হাজার টাকা।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মো. জাকির হোসেন (৩৫) উপজেলার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের তালুকদার বাড়ির খোরশেদ আলমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের নলচিরা ঘাটের পূর্ব পাশে ফেরির পন্টুনে অভিযান চালানো হয়। এ সময় শাহেদ উদ্দিন ওরফে তেল শাহেদ (২৮), মো. রিয়াজ উদ্দিন (৩২)সহ অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জন পালিয়ে যায়।

অভিযানে চারটি টিনের বড় ড্রামে ৭২০ লিটার, ৩০টি প্লাস্টিকের জারিকেনে ৯০০ লিটার এবং ৯টি জারিকেনে ১৮০ লিটার ডিজেল উদ্ধার হয়। এ ছাড়া একটি বড় ড্রাম থেকে ২০০ লিটার মবিল উদ্ধার করা হয়।

পুলিশের হিসাবে, ১ হাজার ৮০০ লিটার ডিজেলের আনুমানিক মূল্য ২ লাখ ৭ হাজার টাকা এবং ২০০ লিটার মবিলের আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

ওসি মো. কবির হোসেন বলেন, গ্রেপ্তার আসামির হেফাজত থেকে বৈধ কাগজপত্রবিহীন এসব তেল ও মবিল উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় হাতিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।