নোয়াখালীর হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এই অভিযানে চিনি পরিবহনের জন্য ব্যবহৃত একটি স্টিল বডির ল্যান্ডিং ক্রাফটকেও আটক করা হয়েছে। জব্দকৃত চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা বলে জানানো হয়েছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর হাতিয়া উপজেলার টাংকি খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড স্টেশন হাতিয়া। তল্লাশির সময় একটি সন্দেহভাজন স্টিল বডির ল্যান্ডিং ক্রাফটে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি উদ্ধার করা হয়। পরবর্তীতে চিনি এবং চোরাচালানে ব্যবহৃত ল্যান্ডিং ক্রাফটটি জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়েই চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “জব্দ করা চিনি ও ল্যান্ডিং ক্রাফটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশজুড়ে চোরাচালান রোধে কোস্টগার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে।”