নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ায় মেঘনা নদী থেকে আজ বুধবার সকালে তিন কেজি ওজনের বিশাল আকারের রুপালি ইলিশ ধরা পড়েছে। স্থানীয় মৎস্য আড়তে নিলামে এই ইলিশটি বিক্রি হয়েছে ১০ হাজার ৯০০ টাকায়। মাছটি আনার পর থেকেই চেয়ারম্যান ঘাটে উৎসুক জনতার ভিড় জমেছিল।
স্থানীয় মৎস্য আড়তদার আকবর হোসেন মুক্তকণ্ঠকে বলেন, "আজ সকালে জাহেদ মাঝির জালে মেঘনা নদীতে ইলিশটি ধরা পড়ে। সকাল ১০টার দিকে মাছটি বিক্রির জন্য সালাউদ্দিন মেম্বারের আড়তে নিয়ে আসা হয়। আড়তে নিয়ে আসার পরই শুরু হয় প্রকাশ্য নিলাম বা ‘ডাক’। হ্যান্ডমাইকে যখন একে একে মাছটির দাম হাঁকা হচ্ছিল, তখন ঘাটে উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়ে। অবশেষে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১০ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী বিশু ব্যাপারী।"
আড়তদার আকবর হোসেন আরও জানান, বর্তমানে মেঘনায় মাছের উপস্থিতি কিছুটা বাড়লেও এত বড় ওজনের রুপালি ইলিশের দেখা মেলা বেশ বিরল। ফলে বিশালাকৃতির এই ইলিশ ঘিরে সকাল থেকেই চেয়ারম্যান ঘাটে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।