যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে স্থানীয় একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তি হলেন উপজেলার রানাগাতী গ্রামের আবদুল হাকিম মল্লিকের ছেলে বাহারুল মল্লিক (৪৫)।
স্থানীয়রা জানান, সোমবার সকালে আবদুর রশিদের বাগানে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখা যায়। লাশের গলার বাঁ পাশে থুতনির নিচে গুলির চিহ্ন এবং ডান হাঁটু দিয়ে রক্তক্ষরণের লক্ষণ পাওয়া যায়। এ ঘটনার খবর পেয়ে দুপুর ১২টার দিকে অভয়নগর থানা ও বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, "বাহারুল মল্লিকের গলার বাঁ পাশে থুতনির নিচে একটি গুলির চিহ্ন রয়েছে। তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে।"
পুলিশ জানায়, নিহত ব্যক্তি গত ১৬ থেকে ১৭ বছর ধরে বাড়িতে থাকতেন না। দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাঁকে হত্যা করা হতে পারে বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
শেখ লুৎফর রহমান আজ দুপুরে জানান, "বাহারুল মল্লিক নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের সদস্য ছিলেন। অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাঁকে হত্যা করা হতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"