লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক দায়রা জজ নিত্যানন্দ সরকার সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা সহ অন্যান্য শাস্তি ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামি মোক্তার উদ্দিন (৫০) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার টেপুর গাড়ি এলাকার মৃত আবুল খায়েরের ছেলে।

আদালত ও মামলার তথ্য অনুযায়ী, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি নিজ বাড়িতে কেউ না থাকার সুযোগ নেড়ে প্রতিবেশী ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন মোক্তার উদ্দিন। ঘটনা গোপন রাখতে তিনি ছাত্রীকে প্রাণনাশের হুমকি দেন। এরপর থেকে তিনি একাধিকবার ওই ছাত্রীকে ধর্ষণ চালিয়ে যান। ক্রমে ছাত্রীটি অন্তঃসত্ত্বা হলে তার শারীরিক পরিবর্তন লক্ষ্য করে পরিবারের সদস্যরা সন্দেহ প্রকাশ করেন। পরবর্তীতে ডাক্তারি পরীক্ষায় অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হলে ছাত্রী ঘটনাটি পরিবারকে জানান। এরপর ২০২০ সালের ২৬ মে ছাত্রীর বাবা পাটগ্রাম থানায় মোক্তার উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

দীর্ঘদিন ধরে চলা এই মামলার শুনানি শেষে সোমবার আসামির উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে মোক্তার উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হলো। জরিমানার অর্থ ক্ষতিপূরণ হিসেবে ওই শিশুর পরিবারকে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার রায় সম্পর্কে রাষ্ট্রপক্ষের আইনজীবী (বিশেষ পিপি) অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, "দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।"