বার্ষিক আয়কর রিটার্নে জীবনযাত্রার খরচের হিসাব দিতে হয়। কর কর্মকর্তারা এই খরচ আয়ের সঙ্গে সংগতিপূর্ণ কি না, তা পর্যালোচনা করেন। তাই রিটার্ন আইটি ১১গ (২০২৩)-এ জীবনযাপন-সংক্রান্ত ব্যয়ের বিবরণী দাখিল করতে হয়। পরিবারের অন্য কেউ খরচ করলেও তা ওই ফরমের মন্তব্য কলামে উল্লেখ করতে হবে।
জীবনযাত্রার বিভিন্ন খাতের ৯ ধরনের খরচের তথ্য রিটার্নে দিতে হয়:
১. পরিবারের ভরণপোষণ খরচ: মূলত সংসারের বাজার খরচের তথ্য দিতে হয়। মাসের হিসাব নয়, সারা বছরের বাজারসহ অন্যান্য খরচ উল্লেখ করতে হবে।
২. বাসাভাড়া: মাসিক বাসাভাড়া ও বাসাবাড়ি রক্ষণাবেক্ষণে কত খরচ হয়েছে, তা দিতে হবে। কম বেতনের চাকরি করেও অভিজাত এলাকায় থাকলে তা ধরা পড়বে; বেতন বা আয়ের সঙ্গে বাড়িভাড়ার সংগতি আছে কি না, তা দেখতেই এ তথ্য চাওয়া হয়।
৩. গাড়ি: নিজের প্রাইভেট কার বা মোটরসাইকেলসহ যেকোনো গাড়ি থাকলে তার ব্যবহারে কত খরচ হয়েছে—জ্বালানি, রক্ষণাবেক্ষণ, বিভিন্ন মাশুল ও চালকের বেতন—সব জানাতে হবে। আয়ের সঙ্গে গাড়ি ব্যবহারের সামর্থ্য আছে কি না, তা যাচাই করা হয়।
৪. গ্যাস-বিদ্যুতের বিল: বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন, মোবাইল ও ইন্টারনেট বিল—প্রতি মাসে এসব খরচ করতে হয়। বছর শেষে রিটার্ন দাখিলের সময় এসব বিলের হিসাব রাখা জরুরি।
৫. স্কুল-কলেজের টিউশন ফি: আয় কম, কিন্তু সন্তানদের নামীদামি স্কুলে পড়ান—রিটার্নে এমন তথ্য দেখালে কর কর্মকর্তার মনে স্বাভাবিক প্রশ্ন উঠতে পারে, পড়াশোনার খরচ আসে কোথা থেকে। তাই সন্তানদের স্কুল-কলেজের টিউশন ফি ও কোচিংয়ের খরচসহ পরিবারের সদস্যদের শিক্ষা ব্যয়ের তথ্য সংরক্ষণ করতে হবে।
৬. দেশ-বিদেশে ঘোরাঘুরি: দেশে-বিদেশে ভ্রমণে কত খরচ হয়েছে, তা-ও জানাতে হবে। অনেকেই ক্রেডিট কার্ডে এসব খরচ করেন; সেটিও হিসাবে আসবে।
৭. উৎসবের খরচ: ঈদ, পূজাসহ বিভিন্ন উৎসব উপলক্ষে বেতন-ভাতার পাশাপাশি বোনাসের টাকা হাতে আসে। স্ত্রী-সন্তান ও আত্মীয়স্বজনের জন্য বিশেষ বাজার-সদাই করা হয়; অনেককে নগদ টাকাও দেওয়া হয়। এসব খরচের তথ্যও রিটার্নে দিতে হবে।
৮. উৎসে কর: সারা বছর বিভিন্ন খাতে উৎসে কর কাটা হয়; এসবের হিসাব রাখতে হবে। সঞ্চয়পত্রের মুনাফার ওপর কর্তিত কর, বিগত বছরের রিটার্নের ভিত্তিতে প্রদত্ত আয়কর ও সারচার্জের পরিমাণও রিটার্নে জানাতে হবে।
৯. ঋণের সুদ: ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন উৎস থেকে নানা প্রয়োজনে ঋণ নেওয়া হয়; এসব ঋণের সুদ পরিশোধ করতে হয়। সুদ বাবদ কত খরচ হয়েছে, তাও রিটার্নে জানাতে হবে।