সাভারের আমিনবাজারে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ সদস্য আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল হোতার পর আরও দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শুকুর ও দেলোয়ার।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে গ্রেপ্তারকৃতদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। মামলার এজাহারনামীয় আসামি না হলেও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে রোববার ভোরে এই ঘটনার প্রধান অভিযুক্ত জহিরুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। জহিরুল সাভারের বড়দেশী এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে সাভারের আমিনবাজারের বড়দেশী গ্রামে এক বৃদ্ধ রিকশাচালককে প্রাইভেটকার ধাক্কা দিলে পুলিশ সদস্য আলতাফ হোসেন প্রতিবাদ জানান। এতে প্রাইভেটকারে থাকা যুবকেরা তার ওপর চড়াও হয় এবং পরবর্তীতে আরও লোক ডেকে এনে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই নৃশংস হত্যাকাণ্ডের পর নিহতের স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এখন পর্যন্ত মূল হোতা জহিরুলসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বাকি আসামিদের ধরতে এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।