সাভারের আমিনবাজারে বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার মামলায় প্রধান আসামিসহ তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই মামলায় গ্রেপ্তার আরও দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া তিন আসামি হলেন জহুরুল (৩২), আপন (২৬) ও জিহাদ (২৩)। বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালতে জহুরুল ও আপন এবং জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তানভীর আহমদের আদালতে জিহাদ জবানবন্দি দেন। জবানবন্দি শেষে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

অন্যদিকে, কাশেম আলী (৩৮) ও দাদি আল ফায়েত (১৯) নামের দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকার আদালত। ঢাকা জেলা পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির এসআই মো. জাকির আল আহসান তিন আসামির জবানবন্দি রেকর্ড এবং অপর দুই আসামির ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করে জামিন চাইলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাভারের বরদেশী পশ্চিমপাড়ায় একটি গ্যারেজের সামনে অটোরিকশা রাখা নিয়ে তর্কাতর্কি শুরু হয়। সেই বিবাদ থামাতে গিয়ে পুলিশ কর্মকর্তা আলতাব হোসেন আসামিদের আক্রমণের মুখে পড়েন। প্রাণ বাঁচাতে তিনি তাঁর ছেলের ব্যবসাপ্রতিষ্ঠান ‘গ্র্যান্ড ফ্যাশন’-এ আশ্রয় নেন। রাত আটটার দিকে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। রড, পাইপ, হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে আলতাব হোসেনকে গুরুতর জখম করা হয়। বাবাকে বাঁচাতে গিয়ে আহত হন ছেলে আরিফুল ইসলাম। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলতাব হোসেনকে মৃত ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত আলতাব হোসেনের স্ত্রী শিউলী পারভীন বাদী হয়ে সাভার মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা জাকির আল আহসান জানান, এ মামলায় এখন পর্যন্ত মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে এজাহারভুক্ত আসামি ৯ জন। আজ প্রধান আসামিসহ তিনজন জবানবন্দি দিয়েছেন এবং দুজনকে রিমান্ডে নেওয়া হয়েছে।