মাগুরার শ্রীপুর উপজেলায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা অবৈধভাবে মজুত করা সার জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ২ নম্বর আমলসার ইউনিয়নের আমলসার পূর্বপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে অভিযান শুরু হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এক ব্যক্তির কাছ থেকে ২৩ বস্তা এবং অপর একজনের কাছ থেকে ৩০৫ বস্তা সার জব্দ করা হয়।
স্থানীয় কৃষকদের মতে, বিপুল পরিমাণ সার অবৈধভাবে মজুত রাখলে স্থানীয় বাজারে কৃত্রিম সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকদের জন্য বরাদ্দকৃত সার মজুত রেখে বেশি দামে বিক্রির চেষ্টা করলে কৃষকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হোসেন বলেন, "অবৈধভাবে সার মজুত রাখায় ৩২৮ বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।"