দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনলাইনে ভুয়া বোমা হামলার হুমকি দেওয়ায় এক ব্যক্তিকে তল্লাশি অভিযানের পুরো খরচ পরিশোধের নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত। গত বুধবার এই রায় ঘোষণা করা হয়। অভিযানে সরকারি খরচ হয়েছে ১ কোটি ২৫ লাখ ৬৭ হাজার ৮৮১ ওন, যা বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ টাকার বেশি (১ টাকা সমান প্রায় ১১ ওন)।
ঘটনার সূত্র ধরে জানা যায়, ২০২৫ সালের আগস্টে ইউটিউবে একটি ভিডিও পোস্ট করে ২০–এর কোঠায় থাকা ওই ব্যক্তি শিনসেগে ডিপার্টমেন্টাল স্টোর উড়িয়ে দেওয়ার হুমকি দেন। হুমকি পাওয়ার পর স্টোরটির আশপাশের এলাকায় ২৭৭ পুলিশ সদস্য মোতায়েন করা হয়। কর্মকর্তারা এলাকাটি তল্লাশি করেন, টহল জোরদার করেন এবং হুমকিদাতার খোঁজ শুরু করেন। তবে কোনো বিস্ফোরক যন্ত্র বা বোমার অস্তিত্ব পাওয়া যায়নি।
অভিযানে মোট যে খরচ হয়েছে, তাতে পুলিশ সদস্যদের পেছনে হওয়া খরচ, ওভারটাইমের পারিশ্রমিক, জ্বালানি ও খাবারের বিল অন্তর্ভুক্ত রয়েছে। শেষ পর্যন্ত সিউল থেকে প্রায় ২৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সাউথ গিয়ংসাং প্রদেশের হাদোং থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। এরপর পুলিশ খরচ আদায়ের জন্য মামলা করলে আদালত সরকারের পক্ষে রায় দিয়ে পুরো অর্থ পরিশোধের নির্দেশ দেন। নিরাপত্তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান বাবদ যে ব্যয় হয়েছে, তা ক্ষতিপূরণ হিসেবে আদায় নিয়ে এই প্রথম আদালত কোনো আদেশ দিলেন বলে পুলিশ জানিয়েছে।
d্য কোরিয়া হেরাল্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দক্ষিণ কোরিয়াজুড়ে অনলাইনে ১৭৭টি বোমা হামলার হুমকি নথিভুক্ত করেছে পুলিশ। এর আগে ২০২৩ সালের আগস্টেও এমন আরেকটি ঘটনা ঘটেছিল। সেবার অনলাইনে দেওয়া একটি পোস্টে ভুয়া হুমকি দিয়ে বলা হয়েছিল, দেশটির পাঁচটি বিমানবন্দরে বিস্ফোরক রাখা হয়েছে। বিষয়টিতে ৫৭১ পুলিশ মোতায়েন করতে হয়েছিল। পরে পুলিশ ভুয়া হুমকিদাতাকে গ্রেপ্তার করে। বিচারে তাঁকে আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি পৃথক একটি মামলায় তাঁকে ২ কোটি ৯২ লাখ ৮০ হাজার ওন জরিমানা করা হয়.