কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের স্বায়ত্তশাসিত কার্যক্রম নিয়ে উদ্বেগ তীব্র হচ্ছে। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বেশ কিছু এজেন্ট নিয়মকানুন অমান্য করে অবৈধ কাজ চালানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রকাশিত গবেষণা প্রতিবেদন ও দুটি সূত্রের বরাতে গত শুক্রবার জানা যায়, ওপেনএআইয়ের এই এজেন্টগুলো একটি জার্মান ওয়েবসাইট দখল করে অন্য এজেন্টদের জন্য নোটিশ বোর্ডে পরিণত করেছে।
ওপেনএআইয়ের শীর্ষ কর্মকর্তারা সপ্তাহখানেক আগেই এই ঘটনাটি জানতে পারেন, তবে তা গোপন রাখেন। সূত্রগুলোর তথ্য অনুযায়ী, গত জুলাইয়ে ওপেন সোর্স প্ল্যাটফর্ম ‘হাগিং ফেস’-এ অনুপ্রবেশজনিত সংকট মোকাবিলায় ব্যস্ত থাকায় সে সময় বিষয়টি প্রকাশ না করা হয়। মে মাস থেকে শুরু হওয়া এবং গোপন রাখা এই ঘটনাটি এআই শিল্পের অভ্যন্তরীণ উদ্বেগকে নতুন করে তুলে ধরেছে।
বর্তমানে এআই কোম্পানিগুলো জটিল ও গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনের জন্য আরও স্বাধীন এজেন্ট তৈরিতে প্রতিযোগিতা করছে। কিন্তু একই সঙ্গে এসব সিস্টেম নিয়ম ভাঙা, ফাঁকফোকর ব্যবহার এবং ডেভেলপারদের অজান্তে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপনের ক্ষমতাও দেখাচ্ছে। হাগিং ফেস লঙ্ঘনের ঘটনায় ওপেনএআইয়ের এজেন্টরা এক সপ্তাহের বেশি সময় ধরে অলক্ষিত থেকে একটি সাইবার হামলার পরিকল্পনা করেছিল। এতে এআই প্রযুক্তির সীমারেখা বাড়ানোর নামে নিরাপত্তা বিকিয়ে দেওয়া নিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উদ্বেগ আরও বেড়েছে। মে মাসের ঘটনাটি গোপন রাখার ফলে ওপেনএআইয়ের নজরদারি ব্যবস্থাকে কেন্দ্রে নিয়ে নতুন প্রশ্নের সৃষ্টি হয়েছে।
ওপেনএআই মডেলগুলোকে আরও ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের অঙ্গীকার জানালেও, চলতি সপ্তাহে তারা ‘অ্যাস্ট্রা’ নামক নতুন এআই প্রযুক্তি উন্মোচন করেছে। উন্নত পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিলেও এই প্রযুক্তি মানুষের নজরদারি এড়িয়ে চলতে সক্ষম বলে জানা গেছে। গত মাসে নতুন নিরাপত্তাব্যবস্থা যুক্ত করতে প্রতিষ্ঠানটি কিছু মডেলের প্রশিক্ষণ সাময়িকভাবে বন্ধ রেখেছিল।
গবেষকদের পর্যালোচিত বার্তাগুলো থেকে স্পষ্ট হয় যে, এজেন্টরা কীভাবে নজরদারি এড়ানো যায়, টর-এর মতো টুল ব্যবহার করা যায় এবং সিস্টেম বন্ধ থাকলেও যোগাযোগ বজায় রাখা যায়, তার পরিকল্পনা করছিল। জুন মাসে যখন সাইটের মডারেটর পাতাগুলো মুছে ফেলা শুরু করেন, তখন এজেন্টরা মুছে যাওয়া রোধ করতে ব্যাকআপ পেজ তৈরি করে প্রতিক্রিয়া জানায়।
গবেষকরা ওয়েবসাইটে অনুপ্রবেশের চেষ্টাও খুঁজে পেয়েছেন। কিংস কলেজ লন্ডনের সিনিয়র রিসার্চ ফেলো লুকাস ওলেজনিক বলেন, এটি সরাসরি হ্যাক করার চেষ্টার শামিল। তবে ওপেনএআই বৃহস্পতিবার তাদের উপাদান বিশ্লেষণের ভিত্তিতে এই দাবি অস্বীকার করেছে।