বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের মিটিওর ৩৫০ মোটরসাইকেলের রাইডার সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। এই মাইলফলক উদযাপনে এবং সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে রয়্যাল এনফিল্ড বাংলাদেশ ‘মিটিওর ৩৫০: রাইড ফর স্মাইলস’ নামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।
‘আ রাইড, আ স্মাইল, আ মেমোরি ফরএভার’ বার্তা নিয়ে ঢাকায় রয়্যাল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শোরুম থেকে যাত্রা শুরু হয়। মিটিওর ৩৫০-এর রাইডারদের সাথে একদল সুবিধাবঞ্চিত শিশু এই যাত্রায় অংশ নেন। তারা একটি নির্ধারিত রিসোর্টে পৌঁছান। সেখানে শিশু ও রাইডারদের জন্য খেলাধুলা, বিনোদন ও খাবারের ব্যবস্থা করা হয়। শিশুদের দেওয়া হয় বিশেষ উপহার। রাইডাররা শিশুদের সাথে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।
মিটিওর ৩৫০-এর রাইডার তানভীর বলেন, মোটরসাইকেলটির ক্ল্যাসিক নকশা, আরামদায়ক ও মসৃণ রাইডিং অভিজ্ঞতা তাঁকে আকৃষ্ট করেছে। বিশেষ করে দীর্ঘ যাত্রায় এটি চালিয়ে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। সুবিধাবঞ্চিত শিশুদের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার কারণে ‘রাইড ফর স্মাইলস’ আয়োজনটি তাঁর কাছে বিশেষ হয়ে উঠেছে।
রয়্যাল এনফিল্ড বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, মিটিওর ৩৫০-এর দুই হাজারের বেশি গ্রাহকের মাইলফলক অর্জন আনন্দের। রাইডার কমিউনিটি ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিতেই ‘রাইড ফর স্মাইলস’ আয়োজন করা হয়েছে।