ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গত সপ্তাহের লেনদেনে বস্ত্র খাতের শেয়ারগুলো উল্লেখযোগ্য গতি দেখিয়েছে। সপ্তাহজুড়ে এই খাতের কোম্পানিগুলোর দৈনিক গড় লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২০২ কোটি টাকা। অর্থাৎ, সপ্তাহের পাঁচ কার্যদিবসের প্রতিদিনই বস্ত্র খাতের শেয়ারের হাতবদল হয়েছে ২০২ কোটি টাকার সমমূল্যে। ডিএসইর সাপ্তাহিক বাজার প্রতিবেদন বিশ্লেষণে এ তথ্য সামনে এসেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে বস্ত্র খাতের দৈনিক গড় লেনদেন আগের সপ্তাহের তুলনায় ৫৮ কোটি টাকা বা প্রায় ৪০ শতাংশ বেড়েছে। এই বাড়তি লেনদেনের প্রধান চালিকাশক্তি ছিল কয়েকটি নির্দিষ্ট কোম্পানি। বস্ত্র খাতের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে সায়হাম টেক্সটাইলের শেয়ারে, যার দৈনিক গড় লেনদেন প্রায় ৩২ কোটি টাকা। এরপর রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ ও মালেক স্পিনিং; উভয় কোম্পানির দৈনিক গড় লেনদেন ২৬ কোটি টাকা। চতুর্থ অবস্থানে থাকা সায়হাম কটনের দৈনিক গড় লেনদেন ২৩ কোটি টাকা। গত সপ্তাহ শেষে ঢাকার বাজারে লেনদেনের শীর্ষ পাঁচ কোম্পানির মধ্যে চারটিই বস্ত্র খাতের। পঞ্চম স্থানে রয়েছে আর্থিক খাতের আইপিডিসি।

বস্ত্র খাতের এই লেনদেন বৃদ্ধি সরাসরি প্রভাব ফেলেছে মোট বাজার লেনদেনের ওপরও। গত সপ্তাহ শেষে ঢাকার বাজারে দৈনিক গড় লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ৬০৯ কোটি টাকায়। আগের সপ্তাহে এটি ছিল ৫৭২ কোটি টাকা। এক সপ্তাহের ব্যবধানে মোট দৈনিক গড় লেনদেন বেড়েছে ৩৭ কোটি টাকা বা প্রায় সাড়ে ৬ শতাংশ। তবে লেনদেন বাড়লেও সূচকের ওপর তা খুব একটা প্রভাব ফেলেনি।

গত সপ্তাহ শেষে ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচক স্থির থাকার কারণ হিসেবে লেনদেন হওয়া শেয়ার ও ইউনিটের মধ্যে মূল্যবৃদ্ধি ও দরহ্রাস পাওয়া প্রতিষ্ঠানের সংখ্যা কাছাকাছি ছিল বলে জানা গেছে। গত সপ্তাহ শেষে ১৮৭ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, বিপরীতে ১৭০টির দর কমেছে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সূচকে বড় ধরনের কোনো পরিবর্তন না আসলেও লেনদেন বৃদ্ধি বাজারের জন্য ইতিবাচক সংকেত। বিনিয়োগকারীরা এখন একটি খাতের শেয়ার বিক্রি করে অর্থ অন্য খাতে সরিয়ে নিচ্ছেন। যেসব খাতের শেয়ার সূচকে বড় ধরনের প্রভাব ফেলে, সেখান থেকে অর্থ যাচ্ছে সূচকে কম প্রভাব রাখে এমন শেয়ারে।

ঢাকার বাজারে সূচকে খাতভিত্তিক সবচেয়ে বেশি প্রভাব ব্যাংক খাতের। গত সপ্তাহে এই খাতের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা কমেছিল, যার ফলে লেনদেন হ্রাস পেয়েছে। গত সপ্তাহে ব্যাংক খাতের শেয়ারের দৈনিক গড় লেনদেন ছিল ৫১ কোটি টাকা, যা আগের সপ্তাহে প্রায় ৫৭ কোটি টাকা ছিল। এক সপ্তাহের ব্যবধানে ব্যাংক খাতের দৈনিক গড় লেনদেন কমেছে প্রায় ৬ কোটি টাকা বা ৯ শতাংশের বেশি।