রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আজ শেষ হচ্ছে তিন দিনের পর্যটন মেলা। তবে মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর দেওয়া অফার সেপ্টেম্বর মাসজুড়ে থাকছে। আয়োজন করেছে বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়া)।
পর্যটন সেবাদানকারী প্রতিষ্ঠান বঙ্গ হলিডেস ইউরোপের ৫টি দেশের মধ্যে যেকোনো ৩টি দেশে ৯ রাত ১০ দিনের ভ্রমণপ্যাকেজ অফার করছে। দেশগুলো হলো ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেন ও সুইজারল্যান্ড। প্যাকেজটির মূল্য ৩ লাখ ৯৯ হাজার টাকা।
অ্যামাজিং ট্যুরস বিডি লিমিটেড শ্রীলঙ্কায় ৬ রাত ৭ দিনের প্যাকেজ দিচ্ছে ১ লাখ ৪৫ হাজার টাকায়। প্রতিষ্ঠানটির প্রতিনিধি তানজিহা চৌধুরী জানান, ভালো সাড়া পাওয়া যাচ্ছে।
ভিশন হলিডে ও গো ট্রিপ সেবা মাশুলের (সার্ভিস চার্জ) ওপর ৫০ শতাংশ ছাড় দিচ্ছে। গো ট্রিপের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ রহমান জানান, ভারতের ভিসা কিছুটা জটিল, তাই অনেকেই এখন চীনের দিকে ঝুঁকছেন, ভিসা পাওয়াও সহজ। ভিসা প্রসেসিংয়ে বিভিন্ন ক্ষেত্রে ১০ থেকে ১৭ হাজার পর্যন্ত টাকা নিচ্ছে গো ট্রিপ।
মেলায় দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে। ৫০ টাকা টিকিট কেটে অনেকেই অফার দেখতে এসেছেন। সফটওয়্যার কোম্পানির কর্মী তানভীরুল হাসান দম্পতিও মেলায় ঘুরতে এসেছেন। তাঁরা ইতিমধ্যে ছয়টি দেশ ঘুরেছেন এবং ভবিষ্যতে ভুটানে যাওয়ার পরিকল্পনা করছেন; তাই কোনো অফার আছে কি না, দেখতে এসেছেন তাঁরা। আইনজীবী মাহবুবুল আলম দম্পতি ১৫টি দেশে গেছেন। তাঁরা এখন ফ্রান্সে যেতে চান; তাই অফারের পাশাপাশি ভিসা প্রসেসিংয়ের বিষয়েও খোঁজ নিচ্ছেন।
আয়োজকেরা জানান, বাংলাদেশের পর্যটন ব্যবসাকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করা এবং দেশি-বিদেশি পর্যটন সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি ব্যবসায়িক সম্পর্ক তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।