একসময় অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বলে গণ্য হওয়া উইল পুকোভস্কির ক্যারিয়ার থেমে গেছে অল্প বয়সেই। মাথায় বারবার আঘাতের প্রভাবে তিনি এখনো দৃষ্টিসংক্রান্ত সমস্যা, মাথাব্যথা ও বমি বমি ভাব নিয়ে সংগ্রাম করছেন। শরীরের বাঁ পাশ দিয়ে বিভিন্ন কাজ করতেও তাঁকে সমস্যা হয়। এ ছাড়া তাঁর ক্রনিক ট্রমাটিক এনসেফালোপ্যাথি (সিটিই) নামের মস্তিষ্কের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়েও চিন্তা রয়েছে। এই স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও ক্রিকেট ভিক্টোরিয়ার সঙ্গে তাঁর একটি গোপন আর্থিক সমঝোতা হয়েছে। তবে ক্ষতিপূরণের পরিমাণ প্রকাশ করা হয়নি।

কোড স্পোর্টস জানিয়েছে, সম্প্রতি এই সমঝোতা সম্পন্ন হয়েছে। খেলা ছেড়ে দেওয়ার আগে পুকোভস্কি মোট ১৩ বার কনকাসনের শিকার হয়েছিলেন। ২০২৪ সালের আগস্টে কনকাসন বিশেষজ্ঞদের একটি প্যানেল তাঁকে ক্রিকেট ছাড়ার পরামর্শ দিলে তিনি অবসরের সিদ্ধান্ত নেন। মাত্র ২৬ বছর বয়সে ক্রিকেট থেকে বিদায় নিতে হচ্ছে তাঁকে।

পুকোভস্কির মাথায় আঘাতের ইতিহাস ক্রিকেটের বাইরে থেকেই শুরু। ২০১৪ সালে ব্রাইটন গ্রামার স্কুলে অস্ট্রেলিয়ান রুলস ফুটবলের অনুশীলনের সময় সতীর্থের হাঁটু তাঁর মাথার পাশে আঘাত করে। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৬। আঘাতে অজ্ঞান হয়ে যাওয়ার পর কয়েক মিনিটের মধ্যেই তাঁকে আবার অনুশীলনে ফেরার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। সেই ঘটনার পর দীর্ঘদিন স্কুলে যেতে না পেরে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। পরবর্তীতে দায়িত্বে থাকা ব্যক্তিরা তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিলেন বলে স্কুলটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন পুকোভস্কি।

ক্রিকেটে এসেও মাথায় বারবার আঘাত পেতে হয়েছে তাঁকে। ২০২১ সালে সিডনিতে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হয় তাঁর। প্রথম ইনিংসে তিনি করেন ৬২ রানের ইনিংস। কিন্তু দারুণ শুরুর পরও ক্যারিয়ার আর এগোয়নি। শেফিল্ড শিল্ডের ম্যাচ বা অনুশীলনে কখনো বাউন্সার, কখনো অন্যভাবে মাথায় আঘাত পেয়ে বারবার থমকে গেছেন তিনি। ২০২৪ সালের শেফিল্ড শিল্ড মৌসুমে তাসমানিয়ার বিপক্ষে ম্যাচে বাউন্সারে মাথায় আঘাত পাওয়ার পর আর মাঠে ফেরা হয়নি তাঁর। চিকিৎসকদের পরামর্শে খেলা ছেড়ে দেওয়ার পরও আইনি লড়াই চালিয়ে যান তিনি।

অস্ট্রেলিয়ায় ক্রীড়াক্ষেত্রে কনকাসন নিয়ে আইনি লড়াই এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বিশ্বের অন্যান্য খেলাগুলোতেও একই ধরনের মামলা ও ক্ষতিপূরণের নজির রয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) সাবেক খেলোয়াড়দের কনকাসন এবং দীর্ঘমেয়াদি মস্তিষ্কের ক্ষতি নিয়ে হওয়া মামলাগুলোতে এখন পর্যন্ত ২ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সমঝোতা করেছে। পুকোভস্কির মামলা ও ক্ষতিপূরণের বিষয়টি অস্ট্রেলীয় খেলাধুলায় কনকাসন নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।