আট বছর আগের স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হওয়ায় ধারাভাষ্যের দায়িত্ব হারালেন ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। অস্ট্রেলিয়ার ক্রিকেট অঙ্গনে চলমান এই উত্তেজনার প্রেক্ষাপটে দুই সাবেক ওপেনারকে সাময়িকভাবে সম্প্রচার কার্যক্রম থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফক্স ক্রিকেট। ফলে আগামী কয়েক সপ্তাহ তাদের ধারাভাষ্যকার হিসেবে দেখা যাবে না। তবে তারা ঠিক কবে পুনরায় ফিরবেন, সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তারিখ নিশ্চিত করেনি সম্প্রচার প্রতিষ্ঠানটি।
শনিবার (২১ নভেম্বর) অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম কোড স্পোর্টসকে এই বিষয়ে নিশ্চিত করেছেন ফক্স স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক স্টিভ ক্রলি। তার মতে, স্যান্ডপেপার বিতর্ককে কেন্দ্র করে দুই ক্রিকেটারের ওপর যে মানসিক চাপ তৈরি হয়েছে, তা বিবেচনা করেই তাদের সাময়িক বিশ্রাম দেওয়ার এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্টিভে ক্রলি বলেন, ‘সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতে আগামী কয়েক সপ্তাহ আমাদের সম্প্রচার কার্যক্রম থেকে উসমান ও ডেভিকে বিশ্রাম দেওয়া হবে।’
তবে ফক্সের এই কর্মকর্তা আরও জানান যে, দুই ক্রিকেটারের মতপ্রকাশের স্বাধীনতার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। প্রতিষ্ঠানটি ধারাভাষ্য দলের সদস্যদের ভিন্নমতকে স্বাগত জানালেও বর্তমানে ওয়ার্নার ও খাজার ওপর প্রতিটি নতুন মন্তব্য ও অভিযোগের জবাব দেওয়ার চাপ ক্রমাগত বাড়ছে।
ক্রলির ভাষায়, বর্তমান পরিস্থিতিতে ম্যাচের দিকে পূর্ণ মনোযোগ ধরে রাখা দুই ধারাভাষ্যকারের জন্য কঠিন হয়ে পড়ছে। তাই এই অবস্থায় তাদের সম্প্রচার কার্যক্রমে রাখাটা ন্যায্য হবে না বলে মনে করছে ফক্স। পরিস্থিতি পর্যবেক্ষণ করেই তারা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।
ফক্সের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এল, যখন ২০১৮ সালের বল বিকৃতি কেলেঙ্কারি আবারও অস্ট্রেলিয়ার ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
গত ১০ নভেম্বর প্রকাশিত 'সবর' নামক আত্মজীবনীতে উসমান খাজা দাবি করেছেন যে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির পরিকল্পনার কথা শুধু শাস্তি পাওয়া তিন ক্রিকেটারই জানতেন না, বরং দলের অন্য সদস্যরাও এই বিষয়ে অবগত ছিলেন।
খাজার এই দাবিকে সমর্থন জানিয়েছেন ডেভিড ওয়ার্নারও। অস্ট্রেলিয়ার এই সাবেক ওপেনারের মতে, স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার যে তদন্ত হয়েছিল, তাতে পুরো সত্য সামনে আসেনি। তিনি ওই তদন্তের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
তবে দুই সাবেক সতীর্থের এই অভিযোগ শুরু থেকেই নাকচ করেছেন বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। গত ১৩ নভেম্বর সিডনিতে এক দীর্ঘ সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বল বিকৃতির পরিকল্পনার বিষয়ে আগে থেকে তার কোনো ধারণা ছিল না। পুরো দল এই পরিকল্পনার কথা জানত—এমন অভিযোগকেও তিনি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।
কামিন্সের ওই সংবাদ সম্মেলনের পর নতুন করে মুখ খোলেন ক্যামেরন ব্যানক্রফট। গত বুধবার (১৮ নভেম্বর) দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান পত্রিকায় প্রকাশিত এক দীর্ঘ নিবন্ধে তিনিও দাবি করেন, স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি কেবল তিন ক্রিকেটারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; দলের অন্যান্য সদস্যরাও বলের অবস্থা পরিবর্তনের বিষয়টি জানতেন।
ব্যানক্রফটের এই অভিযোগের পর আরও চাপের মুখে পড়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট প্রশাসন। বিশেষ করে প্যাট কামিন্সের অধিনায়কত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করে। সাবেক ক্রিকেটারদের একটি অংশ তার পদত্যাগের দাবি জানালেও ক্রিকেট অস্ট্রেলিয়া সেই দাবি প্রত্যাখ্যান করেছে।
শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে কামিন্সের প্রতি সর্বসম্মত সমর্থন জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড বুন জানিয়েছেন, বর্তমান অধিনায়কের সততা প্রশ্নবিদ্ধ হয়েছে—এমন ধারণা তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেন।
এর পাশাপাশি, ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে থাকা ক্রিকেটার ও কর্মকর্তাদের বক্তব্য শোনার জন্য একটি স্বাধীন ফোরাম গঠনের ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে পুরোনো ঘটনার নতুন করে কোনো আনুষ্ঠানিক তদন্ত কিংবা কাউকে অতিরিক্ত শাস্তি দেওয়ার পরিকল্পনা বোর্ডের নেই।
উল্লেখ্য, ২০১৮ সালের মার্চে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতি করতে গিয়ে ধরা পড়েছিলেন ব্যানক্রফট, যার ফলে তাকে নয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়। তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ওয়ার্নার এক বছরের নিষেধাজ্ঞা পান।
আট বছর পর সেই ঘটনা নিয়ে নতুন অভিযোগ ওঠায় আবারও অস্বস্তিতে পড়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট। এবার সেই বিতর্কের প্রভাব পড়ল টেলিভিশন সম্প্রচারের ওপরও।
শনিবার মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে অস্ট্রেলিয়া। এই সিরিজ চলাকালীন ফক্স ক্রিকেটের ধারাভাষ্যে ওয়ার্নার ও খাজার উপস্থিত থাকার সম্ভাবনা খুবই কম।
তবে দুই সাবেক ক্রিকেটারকে স্থায়ীভাবে বাদ দেওয়া হয়নি। ফক্স স্পোর্টস জানিয়েছে, তাদের ওপর তৈরি হওয়া চাপ কমানো এবং সম্প্রচারের মান বজায় রাখতেই আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ফেরার বিষয়টি বিবেচনা করা হবে।