আট বছর আগের স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে নতুন করে বিতর্কের মুখে পড়লেও অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক হিসেবে বহাল থাকছেন প্যাট কামিন্স। উসমান খাজা এবং ক্যামেরন ব্যানক্রফটের মতো ক্রিকেটারদের বিস্ফোরক অভিযোগ সামনে আসলেও তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)। বরং বর্তমান অধিনায়কের প্রতি তাদের পূর্ণ সমর্থন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। জানা গেছে, কামিন্স নিজেও এই মুহূর্তে নেতৃত্ব ছাড়তে ইচ্ছুক নন।

শুক্রবার (২০ নভেম্বর) বিবিসি স্পোর্টের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, স্যান্ডপেপার বিতর্ককে কেন্দ্র করে চাপ বাড়লেও কামিন্সের ওপর আস্থা রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী সপ্তাহান্তে এই সমর্থনের কথা জানিয়ে সংস্থাটি একটি আনুষ্ঠানিক বিবৃতি দিতে পারে।

সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক দিনে ক্রিকেট অস্ট্রেলিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন কামিন্স। সেই আলোচনায় তিনি টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এই পরিস্থিতি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিচালকদের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তবে তারা নেতৃত্বে কোনো পরিবর্তনের প্রয়োজন মনে করছেন না।

২০২১ সালে অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণ করেন কামিন্স এবং এরপর থেকেই এই পেসার দলকে নেতৃত্ব দিয়ে আসছেন। তবে সম্প্রতি উসমান খাজার আত্মজীবনীতে ২০১৮ সালের বল বিকৃতি কেলেঙ্কারি নিয়ে নতুন অভিযোগ ওঠার পর থেকেই তিনি চাপের মুখে পড়েছেন।

নিজের আত্মজীবনী 'সবর'-এ খাজা দাবি করেছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৮ সালের কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির পরিকল্পনার কথা শুধু শাস্তি পাওয়া তিন ক্রিকেটারই জানতেন না। দলের অন্য ক্রিকেটার ও কোচিং স্টাফরাও বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন। খাজার এই বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন ডেভিড ওয়ার্নার, চ্যাড সেয়ার্স ও জন হল্যান্ড।

তবে শুরু থেকেই এই অভিযোগগুলো প্রত্যাখ্যান করে আসছেন কামিন্স। গত শুক্রবার (১৩ নভেম্বর) সিডনিতে প্রায় ৬৮ মিনিটের এক সংবাদ সম্মেলনে খাজার বক্তব্যকে “শতভাগ ভুল” ও “সম্পূর্ণ ভিত্তিহীন” বলে দাবি করেন তিনি। স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে আগে থেকে তিনি কিছুই জানতেন না বলেও জানান অস্ট্রেলিয়ান অধিনায়ক।

কামিন্সের সেই সংবাদ সম্মেলনের পরপরই নতুন করে মুখ খোলেন ক্যামেরন ব্যানক্রফট। গত বুধবার (১৮ নভেম্বর) দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান পত্রিকায় চার হাজারের বেশি শব্দের একটি লেখা প্রকাশ করেন তিনি। সেখানে ব্যানক্রফট দাবি করেন, স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি পুরো দলই জানত। এমনকি বোলারদের সঙ্গে বলের রিভার্স সুইং নিয়েও নিয়মিত আলোচনা হতো তার।

ব্যানক্রফটের মতে, কামিন্সের বক্তব্যই তাকে এত দিন পর বিস্তারিত বিবরণ প্রকাশ করতে বাধ্য করেছে। তিনি জানান, অস্ট্রেলিয়ান অধিনায়কের সংবাদ সম্মেলন তাকে “ক্ষুব্ধ, প্রতারিত ও একাকী” করে তুলেছিল।

এতসব অভিযোগের পরও নিজের অবস্থানে অনড় কামিন্স। তার ম্যানেজার নিল ম্যাক্সওয়েল জানিয়েছেন, গত সপ্তাহের সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান অধিনায়ক যা বলেছেন, এখনো সেই বক্তব্যে অনড় রয়েছেন তিনি।

অন্যদিকে, নতুন অভিযোগের পরিপ্রেক্ষিতে কামিন্সের পদত্যাগের দাবি তুলেছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসনসহ আরও কয়েকজন। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে কামিন্সের জন্য নেতৃত্ব চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে।

তবে অধিনায়কের পাশে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ)। সংস্থাটির প্রধান নির্বাহী পল মার্শ জানিয়েছেন, এই বিতর্কের কারণে কামিন্সকে অধিনায়কত্ব ছাড়তে হলে সেটি দুঃখজনক হবে। গত পাঁচ বছরে অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্কৃতি ও দলের নেতৃত্বে কামিন্সের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

বিতর্কের মুখে ২০১৮ সালের ঘটনাটি খতিয়ে দেখতে একটি স্বাধীন ফোরাম গঠনের ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানে সেবারের দক্ষিণ আফ্রিকা সফরে থাকা ক্রিকেটার ও কর্মকর্তারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ পাবেন। তবে বোর্ড জানিয়েছে, পুরোনো তদন্ত নতুন করে শুরু করা কিংবা কাউকে নতুন করে শাস্তি দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই।

অস্ট্রেলিয়া সরকারও এই ফোরামটির কার্যক্রম যতটা সম্ভব স্বাধীন ও স্বচ্ছভাবে পরিচালনার আহ্বান জানিয়েছে। যদিও সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কসহ কয়েকজন ক্রিকেটার মনে করছেন, আট বছর আগের ঘটনার পূর্ণ সত্য প্রকাশের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার এই উদ্যোগ যথেষ্ট নয়।

উল্লেখ্য, ২০১৮ সালের মার্চে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতি করতে গিয়ে ধরা পড়েছিলেন ব্যানক্রফট। সেই ঘটনায় তাকে নয় মাস এবং তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

বর্তমানে সেই কেলেঙ্কারি নিয়ে নতুন অভিযোগ উঠলেও কামিন্সের বিরুদ্ধে সেগুলোর সত্যতা স্বাধীনভাবে প্রতিষ্ঠিত হয়নি। ফলে তার নেতৃত্বে আস্থা হারানোর কোনো ইঙ্গিত দেয়নি অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।

আগামী ৯ ডিসেম্বর পার্থে নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে কামিন্সেরই নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে, যদিও এখনো চূড়ান্ত দল ঘোষণা করা হয়নি।