নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও অস্ত্রের মহড়ার ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তারাবো পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তারাবো উত্তরপাড়া ঝর্ণা মহলের সামনে বিশেষ অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—নাজমুল হোসেন (৩০), মো. নিহাল (২১), মো. সাজ্জাদ (২০) ও সফিকুল (২৪)। নাজমুল ও নিহাল একই এলাকার নবী হোসেনের ছেলে। অন্যদিকে সাজ্জাদ আব্দুর রহিমের এবং সফিকুল শহিদুল ইসলামের ছেলে। সকলের বসবাস রূপগঞ্জের তারাবো এলাকায়।

পুলিশ সূত্র জানায়, তারাবো বাজার এলাকায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’ গ্রুপ ও নবী গ্রুপের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এই বিরোধের জেরে প্রায়ই দুই পক্ষ অস্ত্র নিয়ে মহড়া দেয়, ধাওয়া-পাল্টাধাওয়া চালায় এবং সংঘর্ষে লিপ্ত হয়। ফলে স্থানীয় এলাকায় ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। বৃহস্পতিবার গভীর রাতেও দুই গ্রুপের মধ্যে এমনই একটি ঘটনা ঘটে, যা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর অস্ত্রের মহড়ার ঘটনায় শুক্রবার সন্ধ্যায় রূপগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নবী গ্রুপের সদস্যদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা করার কার্যক্রম চলছে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিনের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়। আটক চারজনকে শনিবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।