রাজধানীর বাড্ডা থানা এলাকায় ১৪ দশমিক ৬ শতাংশ সরকারি খাসজমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। বৃহস্পতিবার ডেমরা রাজস্ব সার্কেলের কর্মকর্তা ও কর্মচারীদের নেতৃত্বে চলা অভিযানে জমিটি পূর্ণাঙ্গভাবে সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়। উদ্ধার হওয়া জমির বর্তমান বাজারমূল্য আনুমানিক ২১ কোটি টাকা বলে জানানো হয়েছে।
ঢাকা জেলা প্রশাসনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, উদ্ধারকৃত জমিটি বাড্ডা থানার উত্তর নন্দীপাড়া মৌজার অন্তর্ভুক্ত। আফতাবনগরে ইস্টার্ন হাউজিংয়ের ‘এম’ ব্লকের ২ নম্বর সেক্টরের ১ নম্বর রোডে অবস্থিত এই জমিটি কোম্পানিটির নিজস্ব লেআউট প্ল্যানের ভেতরেই অবস্থান করছিল।
অভিযানের সময় ওই স্থানে অবৈধভাবে দখলদাররা যে সকল কাঠামো গড়ে তুলেছিল তা সরিয়ে ফেলা হয়। এরপর সরকারি মালিকানাসংক্রান্ত সাইনবোর্ড স্থাপন করে জমিটি জেলা প্রশাসনের সম্পূর্ণ তত্ত্বাবধানে আনা হয়।
ঢাকা জেলা প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, দেশের সরকারি সম্পত্তি ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় এ ধরনের অবৈধ দখল উচ্ছেদ ও খাসজমি উদ্ধার অভিযান চলতে থাকবে।