নারায়ণগঞ্জের ফতুল্লায় ভুয়া ডিজিএফআই পরিচয়ে ঘোরাফেরার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে ভূইঘর সাহেবপাড়া পঞ্চায়েতের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ডিজিএফআইয়ের ভুয়া পরিচয়পত্র ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর থানার বজর গ্রামের নুরুল ইসলামের ছেলে রায়হান মাহাবুব আলম (৩৬), সিদ্ধিরগঞ্জের সানারপাড় রহিম মার্কেট এলাকার মৃত দুলাল গাজীর ছেলে মোহাম্মদ সাদ্দাম গাজী (৩০) এবং ফতুল্লার ভূইঘর পূর্বপাড়া এলাকার আ. ছালাম হোসেনের ছেলে নাসির হোসেন (৩৫)।

পুলিশ সূত্র জানায়, রাত ৩টার দিকে ভূইঘর সাহেবপাড়া পঞ্চায়েতের মোড়ে কয়েকজন ব্যক্তি ভুয়া ডিজিএফআই পরিচয়ে অবস্থান করছেন—এমন খবর পেয়ে ফতুল্লা থানা-পুলিশের একটি দল বিসমিল্লাহ টাওয়ারের সামনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন পালানোর চেষ্টা করলেও তিনজনকে আটক করা সম্ভব হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা অসংলগ্ন কথাবার্তা বলেন বলে দাবি পুলিশের।

তাদের কাছ থেকে পরিচয়পত্র চাওয়া হলেও কোনো বৈধ ডিজিএফআই কার্ড দেখাতে পারেননি অভিযুক্তরা। পরবর্তীতে দেহ তল্লাশি করে ডিজিএফআইয়ের ভুয়া পরিচয়পত্র ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম মুক্তকণ্ঠকে বলেন, ডিজিএফআইয়ের ভুয়া পরিচয় দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা সরঞ্জাম ও পরিচয়পত্রের বিষয়ে তদন্ত করা হচ্ছে।