চলতি বছরের এসএসসি পরীক্ষায় পাসের হার কিছুটা কম ছিল জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, এই ফল বাড়িয়ে দিতে প্রস্তাব এসেছিল আমার কাছে। আমি বলেছিলাম, না। যার যতটুকু প্রাপ্য ততটুকুই পাওয়া উচিত।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর একটি হোটেলে বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশ আয়োজিত ‘বইপড়া কর্মসূচির ১২ বছর’ উদযাপন উপলক্ষে প্রীতি সম্মেলনে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে এহছানুল হক মিলন বলেন, আগামী প্রজন্মকে ভালো বই পড়ায় উৎসাহিত করতে হবে। তাদের পড়ার টেবিলে ফিরিয়ে আনতে হবে। আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আজকের প্রজন্মই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে।
আজকের প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে বলে জানান তিনি।
শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দময় ও সৃজনশীল করে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এজন্য সরকার খেলাধুলা, সংস্কৃতি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আনন্দময় শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে।
তরুণ সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে ভালো বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এহছানুল হক মিলন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খন্দকার মো. আসাদুজ্জামান, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির।