কক্সবাজারে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে স্বাস্থ্য পরীক্ষা শেষে বিচারক আসাদ উদ্দিন মো. আসাদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকার হোটেল সি-প্যালেসে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. অহিদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারের মেরিন ড্রাইভের দুটি হোটেলে প্রায় ২০০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানি নাগরিক অবস্থান করছিলেন এবং তারা অনলাইনভিত্তিক প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন। তবে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পুলিশ।
হোটেল সি-প্যালেস কর্তৃপক্ষ জানায়, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের একটি দল হোটেলটিতে উঠেছিল। বৃহস্পতিবার রাতের অভিযানে তাদের কয়েকজনকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, অভিযানে ১ হাজার ৯৩৮টি আইফোন, অন্তত ৩০টি ল্যাপটপ এবং প্রতারকদের ব্যবহৃত কিছু যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। রামু থানায় করা একটি অভিযোগের ভিত্তিতে এবং ঢাকা পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত আড়াই শতাধিক সদস্য কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন বলে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং মামলায় অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের অভিযোগ আনা হয়েছে।