ইনবক্সের ই–মেইল বা নথির তথ্য খোঁজার জন্য এখন আর টাইপ করতে হবে না। গুগল তাদের জিমেইল ও ডকস অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ‘জিমেইল লাইভ’ ও ‘ডকস লাইভ’ নামক নতুন সুবিধাটি চালু করেছে। এই ফিচার ব্যবহার করে ব্যবহারকারীরা শুধুমাত্র মুখের কথায় নির্দেশ দিলেই প্রয়োজনীয় তথ্য খুঁজে পাবেন এবং বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবেন।

গুগলের তথ্যমতে, জিমেইল লাইভ সক্রিয় থাকলে ইনবক্সের গুরুত্বপূর্ণ মেইল খুঁজতে সার্চ বক্সে কিছু লিখতে হবে না। মুখে নির্দেশ দিলেই জেমিনাই এআই সহকারী স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ই–মেইল থেকে প্রয়োজনীয় তথ্য উদ্ধার করবে। এছাড়া কথোপকথনের সমস্ত বিবরণ পর্দায় বার্তা আকারে দেখানোর ব্যবস্থাও রয়েছে।

ডকস লাইভ ক্ষেত্রে নতুন কোনো লেখা তৈরির জন্য ব্যবহারকারীকে কেবল নিজের প্রয়োজনীয়তা জানাতে হবে। সেই অনুযায়ী এআই সহকারী একটি প্রাথমিক খসড়া তৈরি করে দেবে। প্রয়োজনে জিমেইল, গুগল ড্রাইভ, চ্যাট ও ওয়েব থেকে তথ্য সংগ্রহ করেও খসড়া প্রস্তুত করা সম্ভব হবে।

জিমেইল লাইভ সুবিধাটি বর্তমানে গুগল এআই প্লাস, প্রো ও আলট্রা গ্রাহকদের জন্য উপলব্ধ। অন্যদিকে ডকস লাইভ ব্যবহারের জন্য গুগল এআই প্রো বা আলট্রা সাবস্ক্রিপশন প্রয়োজন। প্রাথমিকভাবে আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলমান স্মার্টফোনে এই সুবিধাগুলো পাওয়া যাবে। শীঘ্রই ওয়ার্কপ্লেস বিজনেস গ্রাহকদের জন্যও এটি চালু করা হবে বলে জানানো হয়েছে।

গত কয়েক মাসে গুগল তাদের বিভিন্ন অ্যাপে মুখের কথায় কাজ করার সুযোগ যুক্ত করে আসছে। গত এপ্রিলে ম্যাক অ্যাপে ভয়েস কমান্ড সুবিধা যুক্ত করা হয়। এরপর গত মাসে পিক্সেল ১১ স্মার্টফোনে ‘র‍্যাম্বলার’ নামক জেমিনাইচালিত ডিকটেশন ফিচার চালু করা হয়, যা ব্যবহারকারীর কথার অপ্রয়োজনীয় বা অতিরিক্ত শব্দ শনাক্ত করে বাদ দিতে পারে। মুখের কথা বার্তায় রূপান্তরের জন্য গুগল ‘জেমিনাই ৩.৫ ট্রান্সক্রাইব’ মডেলও উন্মুক্ত করেছে।