মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাপল তাদের আইফোনের অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ আইওএস ২৭ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। চূড়ান্ত সংস্করণ প্রকাশের আগে বর্তমানে বিভিন্ন বেটা ভার্সন পরীক্ষা চলছে। অ্যাপল জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে নতুন আইফোন লঞ্চের সময় সাথে সাথে এই অপারেটিং সিস্টেমটি বাজারে আসবে।
আইওএস ২৭-এর সবচেয়ে বড় আপগ্রেড হিসেবে কাজ করবে ‘সিরি এআই’। অ্যাপল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে এটি ব্যবহারকারীদের সাথে আরও স্বাভাবিকভাবে কথোপকথন করতে পারবে এবং ব্যক্তিগত তথ্যের প্রেক্ষাপট বুঝে কাজ সম্পন্ন করবে। মেসেজেস ও মেইল অ্যাপে সিরি এআই ব্যবহার করে খসড়া তৈরি, ব্যবহারকারীর লেখার ধরন ও স্বর অনুকরণ, প্রয়োজনীয় পরামর্শ দেওয়া এবং বার্তায় উল্লিখিত অনুষ্ঠান ক্যালেন্ডারে যোগ করার মতো সুবিধা পাওয়া যাবে।
ভিজ্যুয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ক্যামেরা দিয়ে কোনো বস্তু বা দৃশ্য দেখালে তা শনাক্ত করে তথ্য জানা যাবে। ক্যামেরার ভিউফাইন্ডার থেকেই খাবারের উপাদান, গাছ বা অন্য কোনো বস্তুর তথ্য খোঁজা সম্ভব হবে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের জন্য নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা যুক্ত হয়েছে। অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার, স্ক্রিনটাইম এবং কনটেন্ট এক্সেস সম্পর্কে আরও নির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ রাখা যাবে।
সাফারি ব্রাউজারে ট্যাবগুলো বিষয়ভিত্তিকভাবে সাজানোর সুযোগ থাকবে। ‘নোটিফাই মি’ নামের নতুন ফিচার কোনো ওয়েবপেজে পরিবর্তন হলে তাৎক্ষণিকভাবে ব্যবহারকারীকে জানান দেবে। ছবি সম্পাদনার ক্ষেত্রে ‘ক্লিন আপ’, ‘এক্সটেন্ড’ ও ‘রিফ্রেম’ সুবিধার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত বস্তু সরানো, ছবির প্রান্ত বাড়ানো বা দৃষ্টিকোণ পরিবর্তন করা যাবে। এছাড়া ইমেজ প্লেগ্রাউন্ডে এখন আরও বাস্তবসম্মত ছবি তৈরি করা সম্ভব হবে এবং নির্দিষ্ট অংশ পরিবর্তনের জন্য নতুন নির্দেশনা দেওয়া যাবে।
অপারেটিং সিস্টেমটির ‘লিকুইড গ্লাস’ ডিজাইনেও পরিবর্তন আনা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপ ও ইউআই উপাদানের স্বচ্ছতা ও রঙ নিজ পছন্দমতো সামঞ্জস্য করতে পারবেন। চূড়ান্ত সংস্করণ না আসা পর্যন্ত সাধারণ ব্যবহারকারীদের জন্য অপেক্ষা করা নিরাপদ বলেই সুপারিশ করছে অ্যাপল। বিদ্যমান সমর্থিত আইফোনগুলোতে সেটিংস > জেনারেল > সফটওয়্যার আপডেট পথে হালনাগাদ করা যাবে।
সূত্র: ম্যাশেবল