প্রায় এক শতাব্দী ধরে মহাবিশ্বের অন্যতম রহস্য ডার্ক ম্যাটার। বিজ্ঞানীদের মতে, মহাবিশ্বের মোট ভরের প্রায় ২৭ শতাংশই এই অদৃশ্য পদার্থ। এটি আলো নির্গত, শোষণ বা প্রতিফলন করে না, তাই সরাসরি দেখা যায় না। তবে মহাবিশ্বের সব পদার্থের প্রায় ৮৫ শতাংশই ডার্ক ম্যাটার বলে ধারণা করা হয়।

সম্প্রতি ছয়টি দেশের ২৫০ জন বিজ্ঞানী ও প্রকৌশলী যুক্তরাষ্ট্রের দক্ষিণ ডাকোটায় অবস্থিত অত্যন্ত সংবেদনশীল ডিটেক্টর লাক্স-জেপলিন (LZ) ব্যবহার করে একটি অস্বাভাবিক ঘটনা শনাক্ত করেছেন। মাটির প্রায় এক মাইল গভীরে স্থাপিত এই ডিটেক্টরে ১০ টন অতি-বিশুদ্ধ তরল জেনন রয়েছে। সেখানে একটি কণা জেনন পরমাণুর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে বলে পর্যবেক্ষণ করেছেন তাঁরা। এই ঘটনাটি ডার্ক ম্যাটারের সংকেত হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

তবে তাঁরা সতর্ক করে বলেছেন, এটি একটি মাত্র ঘটনা, যা ডার্ক ম্যাটার আবিষ্কারের দাবি করার জন্য যথেষ্ট নয়। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী স্যাম এরিকসন বলেন, প্রায় এক শতাব্দী ধরে বিজ্ঞানীরা ডার্ক ম্যাটারকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করে আসছেন। এই পদার্থ মহাবিশ্বের পদার্থের বিশাল অংশজুড়ে রয়েছে। নতুন বিশ্লেষণে যা পর্যবেক্ষণ করা হয়েছে, তা কণা হিসেবে ডার্ক ম্যাটার বোঝার প্রথম পদক্ষেপ হতে পারে।

সূত্র: ডেইলি মেইল।